উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে জাতিসংঘের অপ্রকাশিত প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৭ জুলাই পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে বিভিন্ন অস্ত্রের প্রদর্শনী হয়
ছবি: রয়টার্স ফাইল ছবি

নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০২৩ সালে পারমাণবিক অস্ত্র তৈরি করে যাচ্ছে উত্তর কোরিয়া। পারমাণবিক সরঞ্জামও তৈরি করছে তারা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি কমিটিতে জমা দেওয়া প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। জাতিসংঘ এখনো প্রতিবেদনটি প্রকাশ করেনি। তবে বৃহস্পতিবার অপ্রকাশিত প্রতিবেদনটি হাতে পেয়েছে রয়টার্স।

পারমাণবিক অস্ত্র কর্মসূচির ক্ষেত্রে উত্তর কোরিয়া যেন তহবিল না পায়, তা নিশ্চিত করতে জাতিসংঘ ওই নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে নিরাপত্তা পরিষদের কমিটিতে জমা দেওয়া ওই প্রতিবেদনে বলা হয়, এরপরও পিয়ংইয়ং তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। ২০২২ সালে সাইবার জগতে রেকর্ড মাত্রায় চুরি হয়েছে।

এর পরিমাণ ১৭০ কোটি ডলার। উত্তর কোরিয়ার হ্যাকাররা বিশ্বজুড়ে সাইবার ক্রিপ্টোকারেন্সি ও আর্থিক লেনদেনের প্রতিষ্ঠানগুলোকে সফলভাবে লক্ষ্যবস্তু করে যাচ্ছে।

আরও পড়ুন

এই পর্যবেক্ষক দলটি বছরে দুবার নিরাপত্তা পরিষদে প্রতিবেদন জমা দিয়ে থাকে। এর আগে তাঁরা অভিযোগ করেছিলেন, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাতে সাইবার হামলা করে অর্থ সংগ্রহ করছে উত্তর কোরিয়া। তবে হ্যাকিং ও অন্য সাইবার হামলার অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া।

এ ব্যাপারে বক্তব্য জানতে নিউইয়র্কে জাতিসংঘের উত্তর কোরিয়ার মিশনের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, কিম জং-উন দেশটির সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলকে বরখাস্ত করে নতুন জেনারেল নিয়োগ দিয়েছেন। যুদ্ধের আশঙ্কা প্রকাশ করে সেনাবাহিনীকে যুদ্ধপ্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। আরও বেশি করে অস্ত্র তৈরি এবং সামরিক মহড়া বিস্তৃত করারও নির্দেশ দিয়েছেন তিনি।

পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার কারণে ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যে আছে। গত কয়েক বছরে ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে সে নিষেধাজ্ঞা আরও জোরালো হয়েছে। তবে এখন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করার জন্য চীন ও রাশিয়া নিরাপত্তা পরিষদকে চাপ দিচ্ছে। চীন ও রাশিয়া বলছে, পারমাণবিক তৎপরতা বন্ধে উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে ফেরাতে হলে নিষেধাজ্ঞা শিথিল করা জরুরি।

জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী দলটি বলেছে, উত্তর কোরিয়ার বিদেশসংক্রান্ত গোয়েন্দা সংস্থা আরজিবির হয়ে হ্যাকাররা কাজ করছেন।

অর্থ ও তথ্য চুরি করতে অত্যাধুনিক সাইবার প্রযুক্তিগুলো ব্যবহার করছে তারা। বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি কোম্পানি, প্রতিরক্ষা, জ্বালানি ও স্বাস্থ্য খাতকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

নিরাপত্তা পরিষদে জমা পড়া প্রতিবেদনটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করার কথা।