বেইজিং–তাইপে উত্তেজনা বাড়ল
তাইওয়ান নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। তাইওয়ান প্রণালিতে সামরিক মহড়া অব্যাহত রেখেছে চীন। এর মধ্যেই রোববার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর এরিক হলকম্ব তাইপে সফরে এসেছেন। চীনের কড়া হুঁশিয়ারির পরও এ মাসের শুরুতে তাইওয়ান সফর করেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তাঁর ওই সফর ঘিরে তাইওয়ান নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এর পর থেকেই তাইওয়ান প্রণালিতে ব্যাপক সামরিক মহড়া চালাচ্ছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রোববার তাইওয়ান ঘিরে ১২টি চীনা যুদ্ধবিমান ও ৫টি যুদ্ধজাহাজকে চক্কর দিতে দেখা গেছে। এর মধ্যে পাঁচটি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালিতে তাইওয়ান ও চীনের অলিখিত সীমা বা মধ্যরেখা অতিক্রম করেছে বলে দাবি করেছে তাইপে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোর কর্মকর্তাদের তাইওয়ান সফর বন্ধ করতে চাপ দিয়ে আসছে বেইজিং। কিন্তু সে চাপ উপেক্ষা করেও বারবার তাইওয়ান সফরে আসছেন মার্কিন কর্মকর্তারা। ন্যান্সি পেলোসির সফরের পরপরই তাইওয়ান নিয়ে উত্তেজনা বেড়ে যায়। তাঁর এই সফর কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় তাইওয়ান প্রণালিতে ব্যাপক সামরিক মহড়া চালায় চীন। মোতায়েন করা হয় যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র। এরপর মার্কিন কংগ্রেসের এক প্রতিনিধিদল তাইওয়ান সফর করে। এতে আরও বেশি ক্ষোভ প্রকাশ করে বেইজিং। এর মধ্যেই আগুনে ঘি ঢালার মতো তাইওয়ানে হাজির ইন্ডিয়ানার গভর্নর। তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, আজ সোমবার সকালে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করবেন এরিক হলকম্ব। এক টুইট বার্তায় ইন্ডিয়ানার গভর্নর বলেন, ‘আমি এই সপ্তাহে তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে নতুন সম্পর্ক স্থাপন, পুরোনো সম্পর্ক জোরদার ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অংশীদারত্ব বাড়াতে কাজ করব।’
হলকম্ব তাঁর এই সফরকে ‘অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের’ সফর বলেছেন। দুই বছর আগে করোনা মহামারির পর থেকে কোনো মার্কিন গভর্নরের এটাই প্রথম তাইওয়ান সফর। তিনি বলেন, ‘এ সপ্তাহে আমাদের প্রতিনিধিদল সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।’
এদিকে হলকম্বের সফর নিয়ে চীনের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে চীন বলেছে, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু। তাইওয়ানকে তাদের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে বিবেচনা করে বেইজিং।
সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এদিকে চীন নিয়ে উত্তেজনা ছুঁয়ে গেল জাপানকেও। পেলোসির সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানের কাছে এবং জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বেইজিং। চীনকে মোকাবিলায় পাল্টা হামলার সক্ষমতা জোরদারের অংশ হিসেবে এক হাজার দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা ভাবছে জাপান। দেশটির সরকারি সূত্র বলেছে, পুরোনো ক্ষেপণাস্ত্রগুলোর আধুনিকায়ন করা হয়েছে। এগুলোর আওতা ১০০ কিলোমিটার থেকে বাড়িয়ে ১ হাজার কিলোমিটার করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় নানসেই দ্বীপ এলাকা ঘিরে অবস্থানকারী জাহাজ কিংবা উড়োজাহাজ থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। এসব ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া ও চীনের উপকূলীয় এলাকাগুলোতে পৌঁছাতে সক্ষম।
জাপানের যুদ্ধ-পরবর্তী সংবিধানে যুদ্ধ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। এর মানে হলো, সংবিধান অনুযায়ী দেশটি শুধু আত্মরক্ষার জন্য সামরিক বাহিনীকে ব্যবহার করতে পারবে। তবে সাম্প্রতিক বছরগুলোতে জাপানকে সামরিক ব্যয় বৃদ্ধি ও আরও বেশি দৃঢ় কৌশল নিতে দেখা গেছে। তবে যেসব দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বিদেশের মাটিতে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারবে, সেগুলো মোতায়েন থেকে বিরত ছিল জাপান।
এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেড়েছে উদ্বেগ
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন এবং রাশিয়া–ইউক্রেন যুদ্ধ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে। এ অঞ্চলে আরও বেশি ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর প্রতিদ্বন্দ্বিতায় সিঙ্গাপুর পড়তে চায় না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের অবনতিতে জলবায়ু পরিবর্তন, মহামারি, পারমাণবিক কর্মসূচির বিস্তারের মতো বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলায় কাজ করা অসম্ভব করে তুলেছে।