পূর্ব তিমুরের স্বাধীনতার নায়ক গুসমাওর দল নির্বাচনে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলিতে সংবাদ সম্মেলনে পূর্ব তিমুরের স্বাধীনতার নায়ক সানানা গুসমাও
ছবি: এএফপি

পূর্ব তিমুরের স্বাধীনতার নায়ক সানানা গুসমাওর দল পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে। তবে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আজ মঙ্গলবার নির্বাচনের সরকারি ফলাফল প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, বিরোধী ন্যাশনাল কংগ্রেস ফর তিমোরিজ রিকনস্ট্রাকশন (সিএনআরটি) ৪১ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন জোট ফ্রেটিলিন পেয়েছে ২৫ দশমিক ৭ শতাংশ ভোট।

গত রোববার পূর্ব তিমুরের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের মধ্য দিয়ে ৭৬ বছর বয়সী গুসমাওর ক্ষমতায় ফেরার পথ সুগম হলো। অবশ্য এ জন্য তাঁকে জোট গঠন করতে হবে। গুসমাও দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন।

যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, সর্বোচ্চ ভোট পাওয়া দলকে জোট সরকার গঠনের সুযোগ দিয়েছে সংবিধান।

ভোটাররা ৬৫ আসনের পার্লামেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন। তাঁরা আশা করছেন, এর মধ্য দিয়ে এশিয়ার সবচেয়ে নবীন দেশটির গত কয়েক বছরের অচলাবস্থার অবসান হবে।

নির্বাচনে সিএনআরটি ৩১টি আসন পেয়েছে। জোট সরকার গঠনে অন্য ১৬টি দলের মধ্যে এক বা একাধিক দলের সঙ্গে তাদের কাজ করতে হবে।

দলটি গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হয়েছিল। গুসমাওর মিত্র ও শান্তিতে নোবেলজয়ী হোসে রামোস-হোর্তা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফ্রেটিলিন আনুষ্ঠানিকভাবে রেভল্যুশনারি ফ্রন্ট ফর এন ইনডিপেনডেন্ট ইস্ট তিমুর নামে পরিচিত। দলটি গত রোববারের নির্বাচনে ক্ষমতাসীন জোটের নেতৃত্ব দিয়েছিল।

পূর্ব তিমুরে ইন্দোনেশিয়ার দখলদারি অবসানে নেতৃত্ব দিয়েছিল ফ্রেটিলিন। গুসমাও দলটির সামরিক শাখার নেতৃত্ব দিয়েছিলেন। দখলদারির শেষ দিকের বছরগুলোতে তিনি কারাবন্দী ছিলেন। ২০০২ সালে পূর্ব তিমুর স্বাধীন হলে প্রেসিডেন্ট নির্বাচিত হন গুসমাও।

স্বাধীনতার এই নায়ক ২০০৭ সালে ফ্রেটিলিন থেকে বের হয়ে সিএনআরটি গঠন করেন। ওই বছর তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০১৫ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।