আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। এ সময় পেরিয়ে গেলেই পরিবারের প্রথম নারী হিসেবে বিশ্ববিদ্যালয়ে যেতেন মারওয়া। কিন্তু তাঁর সেই আশা পূরণ হচ্ছে না। বড় ভাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যাওয়া হচ্ছে না মারওয়ার। কারণ, তালেবান–নিয়ন্ত্রিত আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছে।
মারওয়ার বয়স ১৯ বছর। বাড়ি আফগানিস্তানের রাজধানী কাবুলে। সম্প্রতি কাবুলের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। নার্সিং ডিগ্রির জন্য সেখানে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন মারওয়া। ভাই হামিদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য মুখিয়ে ছিলেন। কিন্তু এই মুহূর্তে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত।
আফগানিস্তানে নারীদের পরিস্থিতি সম্পর্কে মারওয়া বলেন, ‘তারা (তালেবান) যদি নারীদের শিরশ্ছেদ করার নির্দেশও দিত, বরং সেটাও এমন নিষেধাজ্ঞার চেয়ে ভালো হতো। এমন দুর্ভাগ্যের চেয়ে বরং জন্ম না নিলেও ভালো হতো। এই পৃথিবীতে আমার অস্তিত্ব যে আছে এই জন্য আমি দুঃখিত। পশুর চেয়েও খারাপ ব্যবহার করা হচ্ছে আমাদের সঙ্গে। পশুরাও ইচ্ছামতো যেখানে খুশি যেতে পারে। কিন্ত আমরা নারীরা নিজের ঘর থেকে বের হওয়ার মতো অধিকার থেকেও বঞ্চিত।’
মারওয়ার ভাই হামিদ কাবুলের একটি ইনস্টিটিউটে ব৵বসায় প্রশাসন নিয়ে পড়ছেন। তিনি মারওয়ার চেয়ে এক বছরের বড়। হামিদ বলেন, ‘আমার বোনও আমার সঙ্গে সঙ্গে তাঁর স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাবে, এই চাওয়া ছিল আমার। সে সফল হবে, সামনে এগিয়ে যাবে। অনেক প্রতিকূলতা সত্ত্বেও সে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়েছে। এরপর একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু এখন তাঁর বিশ্ববিদ্যালয়ে যাওয়া হচ্ছে না। এমন এক পরিস্থিতিতে আমরা কীই–বা বলতে পারি!’
গত বছর আগস্টে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় আসীন হয় কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবান। এরপর আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের জন্য পৃথক শ্রেণিকক্ষ ও প্রবেশপথ চালু করে। তার পর থেকে বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের শুধু নারী শিক্ষক বা বয়স্ক পুরুষ শিক্ষক পড়াতে পারতেন। এরপর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নারী শিক্ষার্থীদের জন্য কঠোর পোশাকবিধি ঘোষণা করে। শুধু তা–ই নয়, কোনো পুরুষ অভিভাবক ছাড়া নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়েও যেতে পারতেন না।
তালেবান সরকারের উচ্চশিক্ষা–বিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম। বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়াশোনার ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা দেওয়ার কারণ সম্পর্কে তিনি দাবি করছেন, নারী শিক্ষার্থীরা তাঁদের নির্দেশমতো কঠোর পোশাকবিধি মেনে চলছেন না। এ ছাড়া পুরুষ অভিভাবক নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন না অনেকেই।
কিন্তু বাস্তবতা ভিন্ন। তালেবানের কিছু কর্মকর্তার মতে, তাঁদের মধ্যে যেসব ধর্মীয় নেতা খুবই কট্টরপন্থী, তাঁদের পরামর্শেই নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারণ, তাঁরা তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে বলেছেন, নারীদের আধুনিক শিক্ষার ব্যাপারে তাঁরা সন্দিহান।