থাইল্যান্ডে বাজির গুদামে বিস্ফোরণে নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের সাংগাই কোলোক শহরে শনিবার একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হন
ছবি: এএফপি

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সাংগাই কোলোক শহরে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১৫ জনের বেশি। স্থানীয় সময় শনিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।

সাংগাই কোলোক শহর মালয়েশিয়ার সীমান্তবর্তী। শহরের একটি বাজারে ছিল আতশবাজির ওই গুদাম। সেখানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর সানোন পোনগাকসর্ন। তিনি বলেন, তদন্তে দেখা গেছে, নির্মাণকাজে ঝালাইয়ের সময় ওই গুদামে আগুন লেগেছিল।

এদিকে এ ঘটনার একটি ভিডিও স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, ওই বাজারের ওপর ধোঁয়ার বড় কুণ্ডলী। বিস্ফোরণের তীব্রতায় অনেক দোকান, বাড়ি ও যানবাহনের মারাত্মক ক্ষতি হয়েছে। কয়েকটি গাড়িতে আগুনও ধরে গেছে।

বাজারটি থেকে ১০০ মিটার দূরে থাকেন সেকসান তায়েসেন নামের এক ব্যক্তি। তিনি বলেন, বিস্ফোরণের সময় তিনি বাড়িতে ছিলেন। হঠাৎ বজ্রপাতের মতো শব্দ হয়। এতে তাঁর পুরো বাড়ি কেঁপে ওঠে। বাইরে তাকিয়ে তিনি দেখতে পান, অনেক বাড়ি ধসে পড়েছে।

থাইল্যান্ডে নির্মাণকাজের ক্ষেত্রে তেমন একটা সুরক্ষা নীতিমালা মেনে চলা হয় না। দেশটিতে নির্মাণের সময় ভয়াবহ দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত মাসেই রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন পদচারী-সেতু যানবাহনের ওপর ধসে পড়ে দুজন নিহত হন।