দুই পা নেই, এভারেস্ট অভিযানে যাচ্ছেন তিনি
হিমালয়ের ছায়াতলে বড় হয়েছেন গুর্খা সৈনিক হরি বুদ্ধ মাগার। কিন্তু কখনো হিমালয় জয়ের চেষ্টা করেননি। এখন তাঁর দুটি পা নেই। তবে এই অবস্থার মধ্যেই এভারেস্ট শৃঙ্গ জয়ের স্বপ্ন দেখছেন এই নেপালি।
আফগানিস্তানে দায়িত্বরত ব্রিটিশ সেনাবাহিনীতে নেপালি সেনাদের একটি ইউনিট ছিল। সেই গুর্খা ব্রিগেডের সদস্য হিসেবে ২০১০ সালে দায়িত্ব পালনকালে হাতে তৈরি বোমার বিস্ফোরণে দুই পা হারান মাগার।
পা হারালেও দমে যাননি মাগার। দীর্ঘদিন পুনর্বাসন কেন্দ্রে ছিলেন। চিকিৎসা নিয়েছেন, প্রশিক্ষণ নিয়েছেন, নিজের মনোবল চাঙা রেখেছেন। আগামী মাসে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণের পরিকল্পনা করছেন। মাগারের ওয়েবসাইটে তাঁর এই প্রচেষ্টাকে নিয়ে একটি স্লোগান দেওয়া হয়েছে—‘পা নেই, কোনো সীমা নেই।’
মাগার সফল হলে তিনিই হবেন বিশ্বের প্রথম ব্যক্তি যাঁর দুই পায়ের হাঁটুর ওপর অংশ পর্যন্ত নেই, কিন্তু তিনি ৮ হাজার ৮৪৯ মিটার (২৯ হাজার ৩২ ফুট) উচ্চ মাউন্ট এভারেস্টের শৃঙ্গ দেখবেন।
এভারেস্ট বেসক্যাম্পে বসার আগে মাগার বার্তা সংস্থাকে বলেন, ‘দুই পা হারানোর পর একটা বিষয়ই কেবল আমার মনে বার বার ঘুরেফিরে আসছিল, আমি দৈহিকভাবে কী করতে পারব। এটিই আমার মনকে খুলে দিল। সামর্থ্য অনুযায়ী সর্বশক্তি দিয়ে আমি সবকিছু করার চেষ্টা শুরু করলাম।’
মাগার নেপালে বেড়ে উঠেছেন। হিমালয় পর্বত এলাকায় জীবনের অনেকটা সময় হেঁটে বেড়িয়েছেন। রোমাঞ্চকর খেলা সব সময় তাঁকে আকৃষ্ট করত।
মাগার বলেন, ‘আমি যখন স্কি করতাম, তখন আমি পর্বত দেখতাম আর সেটা আমাকে এভারেস্টের কথা মনে করিয়ে দিত। আমি সব সময় ভাবতাম, যদি আমি কখনো এভারেস্টে উঠতে পারি!’
হাঁটুর নিচ থেকে দুই পা নেই, এমন দুই ব্যক্তি অতীতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন। তাঁদের একজন নিউজিল্যান্ডের নাগরিক মার্ক ইঙ্গলিস, অন্যজন চীনের নাগরিক শিয়া বোয়ু। মার্ক ২০০৬ সালে এবং শিয়া ২০১৮ সালে এভারেস্টে আরোহণ করেন।
চীনের নাগরিক শিয়া যে বছর এভারেস্টে আরোহণ করেন, সে বছরই মাগার তাঁর অভিযানের প্রস্তুতি শুরু করেন। তবে একটা পর্যায়ে তাঁকে প্রশক্ষিণ বন্ধ করে দিতে হয়। নেপালের আইন অনুযায়ী, নিরাপত্তার কারণে শারীরিক প্রতিবন্ধীদের এভারেস্টে আরোহণ নিষিদ্ধ করা হয়েছে।
এরপর মাগার বিশেষভাবে তৈরি পোশাক পরে এবং উরুর সঙ্গে নকল পা লাগিয়ে প্রশিক্ষণ শুরু করেন। তুষারপাতের বৈরী পরিবেশে নিজেকে বাঁচাতে তিনি নিজেকে এভাবে তৈরি করতে থাকেন।
অবশেষে মাগার উপলব্ধি করেন, তিনি নেপালের মিরা শৃঙ্গ (৬ হাজার ৪৭৬ মিটার) এবং আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ মন্ট ব্লাঁ (৪ হাজার ৮০৮ মিটার) আরোহণের জন্য পুরোপুরি তৈরি।
মাগার বলেন, ‘এরপরও অনেক জটিলতা ছিল। কিন্তু শেষ পর্যন্ত এই স্বপ্ন আমার কাছে বাস্তবে ধরা দিয়েছে।’
প্রথম এভারেস্টজয়ী এডমুন্ড হিলারি ও তানজিং নরগে শেরপার মতো মাগারের অভিযানও গণমাধ্যম দুনিয়ায় ব্যাপক গুরুত্ব পাচ্ছে। রানি এলিজাবেথের সিংহাসনে আরোহণের দিন এডমন্ড হিলারি এভারেস্ট জয় করেছিলেন।
ঘটনাচক্রে মাগারের এভারেস্টে আরোহণ ঠিক এমনই একটি মুহূর্তে হচ্ছে। আগামী মাসে রানি তৃতীয় এলিজাবেথেরই ছেলে রাজা তৃতীয় চার্লসের (৭০) অভিষেক হচ্ছে। মাগার যে দেশের হয়ে যুদ্ধ করেছিলেন, সেই দেশের রাজাকে শ্রদ্ধা জানানোর একটি সুযোগ পেয়ে গেলেন তিনি।
মাগার বলেন, ‘ইনিই হচ্ছেন সেই যুবরাজ, যাঁর জন্য আমি যুদ্ধ করেছি। ইনিই হচ্ছেন সেই যুবরাজ, যাঁর জন্য আমি আমার পা হারিয়েছি।’
ভেবেছিলাম আমার জীবন শেষ
হিমালয়ের শীতল আবহাওয়ার মধ্যেও মাগার সব সময় সবখানে শর্টস পরেন। তাঁর নকল পা নিয়ে গর্ব করতেই হয়তো এভাবে শর্টস পরেন তিনি। তবে দুই পা হারানোর যন্ত্রণা আর ক্ষত সারতে তাঁর অনেক সময় লেগেছে।
মাগার বলেন, ‘আমি ভেবেছিলাম, আমার জীবন শেষ। ভেবেছিলাম, বাকিটা জীবন আমাকে হুইলচেয়ারে বসে কাটিয়ে দিতে হবে।’
তিন সন্তানের এই জনক হতাশায় মাঝেমধ্যে আত্মহত্যার কথা ভাবতেন। একসময় তিনি মাদকাসক্তও হয়ে পড়েন। তবে সন্তানদের কথা চিন্তা করে একসময় তিনি নিজেকে নতুনভাবে মূল্যায়ন করতে শুরু করেন।
মাগার বলেন, ‘আমার মূল উদ্দেশ্য ছিল, শারীরিক প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। আমি যদি সচেতন হতাম, তাহলে আমি আমার জীবনের দুটি বছর নষ্ট করতাম না। আমি নিজের শারীরিক প্রতিবন্ধিতার সর্বোচ্চ ব্যবহারের সংকল্প করি।’
সাবেক এই গুর্খা সৈনিক বলেন, তিনি জনগণকে দেখাতে চান যে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরাও যেকোনো কিছু করতে পারে। তবে কাজটি করতে হবে ভিন্ন উপায়ে।
মাগার বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আপনি সময় ও পরিস্থিতি অনুযায়ী জীবনকে খাপ খাইয়ে নিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি যা চাইবেন, করতে পারবেন। আকাশের সীমা আছে, এর কোনো সীমা নেই।’
মাগারের গাইড কৃষ্ণ থাপা আত্মবিশ্বাসী, তাঁদের এই অভিযান সফল হবে। তিনি বার্তা সংস্থাকে বলেন, ‘মাগার একজন দারুণ পর্বতারোহী। তাঁর ছয় বছরের প্রস্তুতি আছে। আছে নানা রেকর্ড। অন্য কোনো পর্বতারোহীর এমন রেকর্ড নেই।