খালি হাতে বিশাল চাকা ঘুরিয়ে রেকর্ড
খালি হাতে মাত্র ১৬ মিনিট ৫৫ সেকেন্ডে বিশাল বড় একটি চাকা (ফেরিস হুইল) ঘুরিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার টোরি কনলে–ম্যাগনোসন (৩৯)। সিডনির লুনা পার্কে সম্প্রতি তিনি এ রেকর্ড গড়েন। অবশ্য এ কাজের জন্য তাঁর মহৎ উদ্দেশ্য রয়েছে। লিটল উইংস নামের একটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বিশাল এই চাকা খালি হাতে ঘোরানোর চ্যালেঞ্জ নেন তিনি। লিটল উইংস নামের দাতব্য প্রতিষ্ঠানটি অসুস্থ শিশু ও তার পরিবারকে নিয়ে কাজ করে।
টোরি কনলে বলেন, জ্যাক নামের ১১ বছর বয়সী এক শিশুর স্মৃতির সম্মানে তিনি রেকর্ড গড়ার চেষ্টা করেন। শিশুটি গত বছর চোখের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রকাশ করা এক ভিডিওর শিরোনামে বলা হয়েছে, নতুন রেকর্ড। দ্রুততম সময়ের মধ্যে ফেরিস হুইল ঘুরিয়ে এ রেকর্ড গড়েছেন টোরি কনলে-ম্যাগনোসন। তিনি পুরো চাকাটি খালি হাতে ঘুরিয়েছেন। এ সময় হাইড্রোলিক ও ব্রেক রাখা হয়নি। এ ছাড়া চাকাটি ঘোরাতে অন্য কোনো শক্তি যাতে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করা হয়েছিল। কনলেকে তাঁর পেশিশক্তি ব্যবহার করে এটি ঘোরাতে হয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে কনলে বলেন, ‘আমার নেওয়া শারীরিক ও মানসিক চ্যালেঞ্জগুলোর মধ্যে এটাই ছিল সবচেয়ে কঠিন। আমি কয়েক বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে শক্তি প্রদর্শনের বেশ কিছু কাজ করেছি। তবে সেগুলো ছিল আলাদা।’
কনলের এটি চতুর্থ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। এর আগে তিনি দাঁত দিতে সবচেয়ে বেশি গাড়ি টানা, সবচেয়ে ভারী গাড়িকে ১০০ ফুট দূরে ঠেলা ও ২০ মিটার হালকা উড়োজাহাজ দাঁত দিয়ে টেনে রেকর্ড গড়েছেন।