শরীরের লোম অপসারণের পেছনে কেন ছুটছেন জাপানের পুরুষেরা

একজন গ্রাহক পায়ের লোম অপসারণের চিকিৎসা নিচ্ছেনছবি: রয়টার্স

জাপানে পুরুষদের একটি গ্রুমিং ক্লিনিকে গ্রীষ্মকালে গ্রাহকদের ভিড় বেড়েই চলেছে। চাহিদা বৃদ্ধি পাওয়ায় ওই ক্লিনিক থেকে সেবা নিতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে।

প্রচণ্ড গরম ও অসহনীয় তাপপ্রবাহের মধ্যে কিছুটা স্বস্তি পেতে জাপানে অনেক পুরুষ শরীরের লোম দীর্ঘ মেয়াদে অপসারণ করতে এমন সব ক্লিনিকে ভিড় করছেন। তাঁদের একজন ২৪ বছর বয়সী ইউকি কুবো।

চাকুরিজীবী এ তরুণ বলেন, ‘গরমে স্বস্তি পেতে কী করা যায়, এ নিয়ে ভাবার সময় শরীরের লোম অপসারণকেই সবচেয়ে স্বাভাবিক ও চোখে পড়ার মতো বিষয় বলে আমার মনে হয়েছিল।’

আরও পড়ুন

পায়ের লোম অপসারণের জন্য রাজধানী টোকিওতে অবস্থিত ওই ক্লিনিকে চতুর্থবারের মতো চিকিৎসা নিতে এসেছেন ইউকি কুবো। তিনি বলেন, শরীরের লোম অপসারণ করাকে তিনি নতুন বছরে নিজেকে দেওয়া নতুন প্রতিশ্রুতি হিসেবে নিয়েছেন।

এই তরুণের দাবি, লোম অপসারণের চিকিৎসা নেওয়ার ফলে শুধু ঘাম থেকে সৃষ্ট অস্বস্তিই কমেনি, বরং তাঁর ত্বকও মসৃণ হয়েছে। ফলে নিজেকে দেখতে আরও পরিচ্ছন্ন মনে হয় তাঁর।

জাপানজুড়ে ‘গরিলা ক্লিনিকে’র অন্তত ২৩টি শাখা রয়েছে
ছবি: রয়টার্স

টোকিওর ওই ক্লিনিকের নাম ‘গরিলা ক্লিনিক’। জাপানজুড়ে তাদের ২৩টি শাখা রয়েছে। একসময় মুখের অবাঞ্ছিত লোম অপসারণের চিকিৎসার চাহিদাই সবচেয়ে বেশি ছিল এমন ক্লিনিকগুলোতে। এখন শরীরের অন্যান্য অংশের লোম অপসারণের চাহিদাও বেড়েছে বলে জানান রাজাধানীর অভিজাত গিনজা এলাকা শাখার পরিচালক হিরোইউকি ওতা।

জাপানে আরও বেশিসংখ্যক পুরুষ শর্টস পরার ব্যাপারে আগের অনীহা কাটিয়ে ওঠায় লোম অপসারণ প্রবণতা জোরালো হচ্ছে। দেশটিতে একসময় শর্টসকে শুধু শিশুদের বা সমুদ্রসৈকতে পরার উপযোগী পোশাক হিসেবে বিবেচনা করা হতো।

চলতি গ্রীষ্মে রেকর্ড তাপমাত্রার মধ্যে টোকিও নগর প্রশাসন এ বছর তাদের দীর্ঘদিনের টাই ও জ্যাকেটবিহীন ‘কুল বিজ’ উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। গরম মোকাবিলা করতে এবং জ্বালানি সাশ্রয়ের সহায়তার অংশ হিসেবে প্রশাসন থেকে কর্মীদের হালকা পোশাক পরার প্রচার করা হচ্ছে।

লোম অপসারণের জন্য নানা রকম যন্ত্র ব্যবহার করা হয়
ছবি: রয়টার্স

সাম্প্রতিক বছরগুলোতে জাপানে গ্রীষ্মে তাপমাত্রা ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। গত বছর তাপমাত্রা সর্বকালের সর্বোচ্চ ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

জাপানের সৌন্দর্য–বিষয়ক প্ল্যাটফর্ম ‘হট পেপার বিউটি’-এর জরিপ অনুযায়ী, এ বছর উত্তরদাতাদের চার ভাগের এক ভাগের বেশি পুরুষ গত ১২ মাসে পায়ের নিচের অংশের লোম অপসারণের চিকিৎসা নিয়েছেন।