যাত্রীর সঙ্গে নাশতা, জরিমানা পৌনে ২ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার বালি থেকে অস্ট্রেলিয়াগামী ওই যাত্রীকে ২ হাজার ৬৬৪ ডলার জরিমানা করেছে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ
ছবি: টুইটার

ম্যাকডোনাল্ডসের সকালের নাশতা সঙ্গে রাখায় ইন্দোনেশিয়ার বালি থেকে অস্ট্রেলিয়াগামী একটি ফ্লাইটের এক যাত্রীকে বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি গত সপ্তাহের। অস্ট্রেলিয়ার ডারউইন বিমানবন্দরে পৌঁছানোর পর লাগেজে দুটি অঘোষিত ডিম এবং গরুর মাংসের সসেজ ম্যাকমাফিন ও একটি হ্যাম ক্রসেন্ট পাওয়া যায়। এরপর নাম প্রকাশ না করা ওই ভ্রমণকারীকে ২ হাজার ৬৬৪ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করে কর্তৃপক্ষ।

জরিমানার কারণ অস্ট্রেলিয়ার নতুন নিয়ম। কয়েক দিন আগের ওই নিয়ম জৈব সুরক্ষা নিয়ে। বালিতে পা ও মুখের রোগের (এফএমডি) প্রাদুর্ভাব ছড়িয়েছে। বালি দ্বীপ জনপ্রিয় একটি পর্যটনকেন্দ্র। অস্ট্রেলিয়ার বহু পর্যটক প্রতিবছর দ্বীপটিতে ঘুরতে যান। রোগ যাতে অস্ট্রেলিয়ানদের মধ্যে না ছড়ায়, তাই ওই নিয়ম করা হয়েছে।

অস্ট্রেলিয়া সরকারের কৃষি, মৎস্য, বন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ফাস্টফুডসহ ওই যাত্রীর কাছ থেকে অঘোষিত বেশ কিছু পণ্য পাওয়া গেছে। যাত্রীর পিঠে থাকা ব্যাগ থেকে এসব পণ্য জব্দ করা হয়। জিনতা নামের জৈব সুরক্ষার কাজে নিয়োজিত এক কুকুর ওই যাত্রীর কাছে এসব পণ্য থাকার বিষয়টি প্রথম শনাক্ত করে।

অস্ট্রেলিয়ার কৃষি, মৎস্য, বনবিষয়ক মন্ত্রী ম্যুরে ওয়াট বলেছেন, ‘বালি থেকে অস্ট্রেলিয়ায় দুবার যাতায়াত করার যে খরচ, তার সমপরিমাণ জরিমানা করা হয়েছে ওই যাত্রীকে। কিন্তু তাঁর জন্য আমার কোনো সমবেদনা নেই। অস্ট্রেলিয়ার কঠোর নিয়ম যাঁরা মানবেন না, তাঁরা যে ধরা পড়বেন, এ ঘটনায় সেটা প্রমাণিত হয়েছে।’