মার্কিন নির্মাতা ও আফগান প্রযোজককে আটক করেছে তালেবান, সিপিজের উদ্বেগ
নিউইয়র্কভিত্তিক পর্যবেক্ষক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) বলেছে, মার্কিন সাংবাদিক ও স্বাধীনধারার চলচ্চিত্রনির্মাতা আইভর শিয়ার এবং আফগান প্রযোজক ফাইজুল্লাহ ফাইজবখশকে আটক করে রেখেছে তালেবান। এ ঘটনায় নিন্দা জানিয়ে তাঁদের অবিলম্বে মুক্তি চেয়েছে সংস্থাটি। সাংবাদিকদের ওপর ধরপাকড় না চালানোরও আহ্বান জানানো হয়েছে। খবর এএনআই-এর।
সিপিজের তথ্য অনুযায়ী, গত ১৭ আগস্ট কাবুলে ডিস্ট্রিক্ট ১০–এর শেরপুর এলাকায় চলচ্চিত্রের শুটিং করছিলেন শিয়ার ও ফাইজবখশ। আগস্টের শুরুর দিকে এ এলাকাতেই মার্কিন ড্রোন হামলায় নিহত হন আল–কায়েদা নেতা আল জাওয়াহিরি। শিয়ার ও ফাইজবখশ কাজ করার সময় বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী তাঁদের বাধা দেন।
কংগ্রেসের অর্থায়নে পরিচালিত সম্প্রচারমাধ্যম ভয়েস অব আমেরিকার দারি ভাষার সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে তালেবানের প্রতিশোধমূলক আচরণ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।
এ ঘটনা সম্পর্কে জানাশোনা থাকা দুজন সাংবাদিকও এ নিয়ে সিপিজের কাছে উদ্বেগ জানিয়েছেন। তবে নিজেদের নাম প্রকাশ না করতে সিপিজেকে অনুরোধ জানিয়েছেন তাঁরা।
ওই দুই সাংবাদিক বলেন, প্রহরীরা তাঁদের (শিয়ার ও ফাইজবখশ) কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্ন করেছেন, তাঁদের কাজের অনুমতি আছে কি না, পরিচয়পত্র ও পাসপোর্ট আছে কি না, তা যাচাই করেছেন। এরপর সাংবাদিকদের মুঠোফোনগুলো জব্দ করা হয়, তাঁদের কয়েক ঘণ্টা আটক রাখা হয়। বারবারই তাঁদের আমেরিকান গুপ্তচর বলে ডাকা হচ্ছিল। নিরাপত্তা কর্মকর্তারা এরপর তালেবান গোয়েন্দাদের ডেকে আনেন। প্রায় ৫০ জন সশস্ত্র গোয়েন্দা কর্মী সেখানে পৌঁছান। এরপর শিয়ার ও ফাইজবখশের চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
সিপিজের প্রোগ্রাম ডিরেক্টর কার্লোস মার্টিনেজ দে লা সেরনা বলেন, ‘তালেবানের চাপ বেড়েছে। আমেরিকান চলচ্চিত্রনির্মাতা আইভর শিয়ার ও তাঁর আফগান সহকর্মী ফাইজুল্লাহ ফাইজবখশকে আটকসহ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ধরপাকড়ের সংখ্যা বেড়েছে। এতে বোঝা যাচ্ছে, আফগানিস্তানে মুক্ত গণমাধ্যম নীতির ব্যাপারে সংগঠনটির অঙ্গীকারে প্রচণ্ড রকমের ঘাটতি রয়ে গেছে। তালেবান কর্মকর্তাদের অবশ্যই অবিলম্বে শিয়ার ও ফাইজবখশকে মুক্তি দিতে হবে এবং আফগানিস্তানের সংবাদমাধ্যমের ওপর চাপ ও ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে।’
দুই সাংবাদিক সিপিজেকে বলেন, তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে কাজের অনুমতি পাওয়ার পর এক মাসের ভিসা নিয়ে গত ফেব্রুয়ারি মাসে আফগানিস্তানে পৌঁছান শিয়ার। আফগানিস্তানের গত ৪০ বছরের ইতিহাস নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করতে আফগানিস্তান যান তিনি।
শিয়ারের চলচ্চিত্র ও ভিডিও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের জাদুঘর ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হয়ে থাকে। আর প্রযোজক ফাইজবখশ আফগানিস্তানে আন্তর্জাতিক অঙ্গনের সাংবাদিকদের কাজে সহযোগিতা করে থাকেন। শিয়ারের সঙ্গেও তাঁর চুক্তি হয়েছিল।
গত ৩ মার্চ শিয়ারকে এক বছরের কাজের অনুমতি দেয় তালেবানের শ্রম ও সামাজিক কর্মকাণ্ডবিষয়ক মন্ত্রণালয়। আফগানিস্তানে থাকার জন্য তাঁর ভিসার মেয়াদ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।
জুনের মাঝামাঝি সময়ে শিয়ারকে তালেবানের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। ওই দুই সাংবাদিকের একজন সিপিজেকে বলেন, মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং পূর্ববর্তী কাজগুলো উপস্থাপন করতে বলেছেন।
ওই সূত্রের ভাষ্য, শিয়ারকে বলা হয়েছে তাঁর কাবুলে উপস্থিতি নিয়ে তালেবান গোয়েন্দারা সন্দেহ করার কারণে তাঁকে তলব করা হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে বেশ কয়েকজন তালেবান গোয়েন্দা কাবুলে একটি অতিথিশালা পরিদর্শন করেন। ওই অতিথিশালায় থাকতেন শিয়ার। তাঁকে তাঁর কাজ ও অবস্থানের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
১৬ আগস্ট শিয়ারের বিরুদ্ধে আবারও সমন জারি করেন বালখি। শিয়ার ওই সূত্রকে বলেছিলেন, তিনি একের পর এক সমন জারি নিয়ে উদ্বিগ্ন। সেপ্টেম্বরের পর তাঁকে আফগানিস্তানে থাকতে দেওয়া হবে নাকি সেখান থেকে বহিষ্কার করা হবে, তা তিনি জানেন না।
১৬ আগস্টের ওই সমন নিয়ে বিস্তারিত কিছু উল্লেখ করতে পারেনি সিপিজে।