গুহা থেকে উদ্ধার সেই থাই ফুটবল দলের ক্যাপ্টেনের মৃত্যু
২০১৮ সালে থাইল্যান্ডে গুহায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয় ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ। পরে জানা যায়, তারা গুহায় আটকা পড়েছে। দুই সপ্তাহেরও বেশি সময় পরে গুহা থেকে উদ্ধার করা হয় কিশোরদের। সেই খুদে ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন ডুয়াংপেত প্রমথেপ। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যে তাঁর মৃত্যু হয়েছে।
প্রশিক্ষণ নিতে গত বছরের শেষ দিকে যুক্তরাজ্যে একটি ফুটবল একাডেমিতে ভর্তি হয়েছিল প্রমথেপ। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত রোববার লেস্টারশায়ারে তাঁর হোস্টেল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় তাঁকে। গতকাল মঙ্গলবার সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রমথেপের বয়স হয়েছিল ১৭ বছর।
প্রমথেপের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে লেস্টারশায়ার পুলিশ বলছে, প্রমথেপের মৃত্যু তাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে না। থাইল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রমথেপ মাথায় আঘাতজনিত সমস্যায় ভুগছিল। গত রোববার বিকেলে হোস্টেল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করার পর প্রমথেপকে একটি অ্যাম্বুলেন্সে করে স্থানীয় ক্যাটারিং জেনারেল হাসপাতালে নেওয়া হয় বলে জানান ইস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিসেসের একজন মুখপাত্র।
প্রমথেপদের ফুটবল দলটি ২০১৮ সালে চিয়াং রাই প্রদেশে একটি গুহায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। দুই সপ্তাহের বেশি সময় আটকা থাকার পরে উদ্ধার করা হয় তাদের। খুদে ফুটবল দলটির সদস্যদের উদ্ধারের সেই ঘটনা তখন বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিল।
গুহা থেকে খুদে ফুটবলারদের উদ্ধারের সেই ঘটনা পুরো বিশ্বের নজর কাড়ে। উদ্ধারকর্মীরা যখন এই খুদে ফুটবল দলটিকে গুহা থেকে বের করে আনে, তখন একজন ডুবুরির টর্চলাইটের আলোয় প্রমথেপের শীর্ণকায় হাসিমুখের ছবি দেখে সারা বিশ্বের মানুষ। সেই উদ্ধার অভিযানের সবচেয়ে স্মরণীয় ছবি হয়ে আছে এটি।
২০১৮ সালে কী ঘটেছিল
২০১৮ সালের ২৩ জুন থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকার থাম লুয়াং নামের গুহায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয় প্রমথেপসহ ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ। তখন কিশোরদের বয়স ছিল ১১ থেকে ১৬ বছরের মধ্যে এবং তাদের সহকারী কোচ এক্কাপোল জানথাওংয়ের বয়স ছিল ২৫ বছর। তারা ওয়াইল্ড বিয়ার্স বা মু পা নামে একটি ফুটবল দলের সদস্য ছিল। ৯ দিন গুহার ভেতরে আটকে থাকার পর ২ জুলাই ব্রিটিশ ডুবুরি রিচার্ড স্ট্যানটন ও জন ভলানথেন তাদের সন্ধান পান।
অবস্থান জানার পর ১২ কিশোর ও তাঁদের কোচের জন্য গুহার ভেতরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করার পাশাপাশি পাঠানো হয় খাবার ও চিকিৎসা সরঞ্জাম। ৭ জুলাই অস্ট্রেলিয়ার এক চিকিৎসক গুহায় ঢুকে কোচ ও কিশোরদের স্বাস্থ্য পরীক্ষা করে উদ্ধার অভিযান শুরুর সবুজসংকেত দেন। তাদের অবস্থানস্থলে যাওয়ার জন্য ওই পাহাড়ে শতাধিক গর্ত করা হয়। তবে সেখানে কিশোরদের না পেয়ে আগের পরিকল্পনামতো ডুবসাঁতার দিয়ে তাদের উদ্ধারে চূড়ান্ত অভিযান শুরু হয় ৮ জুলাই। প্রথম দিন চার কিশোর ও দ্বিতীয় দিন আরও চার কিশোরকে উদ্ধার করা হয়। অভিযানের তৃতীয় দিন চার কিশোরসহ তাদের কোচকে উদ্ধার করা হয়।