তিব্বতে নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৫৪৬ জন
তিব্বতে পাহাড়ি ঢল ও ভূমিধসে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১৬ হয়েছে। নিখোঁজ রয়েছে ৫৪৬ জন। তাদের মধ্যে বিদেশি ২৬১ জন। নিখোঁজ বিদেশিরা ২৩টি দেশের নাগরিক। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভি এসব তথ্য জানিয়েছে।
নিখোঁজ বিদেশিদের বিষয়ে চীনা কর্তৃপক্ষ এরই মধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসকে অবহিত করেছে বলে জানিয়েছে সিসিটিভি।
চীনের সম্প্রচারমাধ্যমটির তথ্য, তিব্বতে নিখোঁজ বিদেশিদের মধ্যে নেপালের ১০৫ জন, ভারতের ৪৯, লাটভিয়ার ৩৩, যুক্তরাষ্ট্রের ১৮, যুক্তরাজ্যের ১৫, কানাডা ও অস্ট্রেলিয়ার ৬ জন করে, দক্ষিণ আফ্রিকার ৪, মালয়েশিয়া, জার্মানি ও রাশিয়ার ৩ জন করে নাগরিক রয়েছে। এ ছাড়া ফ্রান্স, এস্তোনিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের দুজন করে এবং ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, পর্তুগাল, ইউক্রেন, স্পেন ও হাঙ্গেরির একজন করে নিখোঁজ রয়েছে।
সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতের গিরং কাউন্টির শিগাতসে শহর থেকে গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে নিহত ব্যক্তির সংখ্যা সাত বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল।
প্রাণঘাতী এ দুর্যোগের ঘটনা ঘটে গত বুধবার। তিব্বত–নেপাল সীমান্তে হিমবাহের একটি অংশ ধসে ভোটেকোশি ও ত্রিশূলী নদী দিয়ে প্রবল বেগে কাদাপানি ও পাথরের ঢল নেমে আসে। মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় বিভিন্ন স্থাপনা গ্রাম ও জনপদ।
ভয়াবহ এ ঢলে নেপালে অন্তত ৬৭৫ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। নিখোঁজ রয়েছে ২ হাজার ৪০০ জনের বেশি। নেপালের পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, এ দুর্যোগে ৩২০ জন বিদেশি এখনো নিখোঁজ রয়েছে।
পর্যটন বোর্ড আরও জানিয়েছে, দুর্যোগের পর নেপালে ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ভারতীয় ১৬৭ জন ও চীনা ৪০ জন।
এ ছাড়া নেপালের দুর্যোগকবলিত এলাকা থেকে ইউক্রেনের ৮ জন, জার্মানি ও মাল্টার ৪ জন করে, যুক্তরাষ্ট্রের ৩ জন, স্পেন, তুরস্ক, ইতালি, রাশিয়া ও সুইজারল্যান্ডের ২ জন করে, বেলজিয়াম, বুলগেরিয়া, ওমান ও পর্তুগালের একজন করে নাগরিককে উদ্ধার করা হয়েছে। ২১ জন বিদেশির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।