তিন দেশ পেরিয়ে এক বছরের যাত্রায় মায়ের কাছে পৌঁছার লড়াই
সূর্য ডোবার আগে জীবনের বাঁক বদলে দেওয়া একটি সিদ্ধান্ত নিলেন সং মি পার্ক। ১৭ বছরের এই তরুণী জন্মভূমির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। তাঁর এই যাত্রা সহজ নয়। সাফল্যের চেয়ে ব্যর্থতার ঝুঁকিই বেশি। তবু মায়ের দেখা পাওয়া যাবে—এমন আশায় এই ঝুঁকি তাঁকে নিতেই হবে। শেষমেশ নদী পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
সিদ্ধান্ত নেওয়ার সময় সং মির বুক দুরু দুরু করছিল। একটাই চিন্তা, কীভাবে খরস্রোতা নদীটি পার হওয়া যায়। এদিকে ধরা পড়ারও ভয় আছে। তাই কিছুটা উদ্বিগ্ন তিনি। সীমান্তরক্ষী বাহিনী দেখে ফেললে গুলিও চালাতে পারে। এমন আশা–নিরাশার দোলাচলে নিজের মানসিক শক্তি ধরে রেখে নদী পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
অন্ধকার নামতেই সং মি ঠান্ডা পানির ইয়ালু নদী পাড়ি দেন। ঘটনাটি ২০১৯ সালের ৩১ মের। সং মি এখন দক্ষিণ কোরিয়ায় মায়ের সঙ্গে আছেন। মায়ের কাছে যেতে ভয়ডরহীন যাত্রার গল্প তুলে ধরেছেন বিবিসির কাছে। সেই দিনের কথা মনে করতে গিয়ে তিনি বলেন, ‘জীবনের সবচেয়ে ভালো ও বাজে দিনটি আমি কীভাবে ভুলে যাই।’
কিম জং–উনের শাসনামলে অনেক নাগরিক উত্তর কোরিয়া ছেড়েছেন। তবে দেশ ছেড়ে পালানো খুবই ভয়ংকর ও বিপজ্জনক। পালানোর চেষ্টা করায় সম্প্রতি অনেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন কিম। ২০২০ সালে করোনা মহামারিতে দেশের সব সীমান্ত বন্ধ করে দেন তিনি। তবু মায়ের কাছে যেতে এই ঝুঁকি সং মিকে নিতে হয়েছিল।
সং মির জীবনে ইয়ালু নদী পার হওয়া সেটাই প্রথম নয়। এর আগে তিনি ছোটবেলায় নদীটি পাড়ি দিয়েছিলেন। তখন অবশ্য তাঁর মা-বাবা সঙ্গে ছিলেন। ইয়ালু নদী উত্তর কোরিয়া ও চীনকে আলাদা করেছে। নদীটি উত্তর কোরিয়া ছেড়ে পালানোর সবচেয়ে সহজ পথ।
ছোটবেলায় নদী পার হয়ে চীনে গিয়ে এক আত্মীয়ের বাড়িতে উঠেছিলেন তাঁরা। আশ্রয় নিয়েছিলেন আত্মীয়ের একটি শূকরের খামারে। এই খবর পেয়ে হঠাৎ সেখানে হানা দেয় পুলিশ। পরিবারটিকে উত্তর কোরিয়ায় পাঠিয়ে দেবে পুলিশ। কিন্তু ফেরত না পাঠাতে সং মির মা-বাবা পুলিশকে অনেক অনুনয়-বিনয় করতে থাকেন। তবে তাতে কোনো লাভ হয়নি। অবস্থা বেগতিক দেখে তাঁদের আশ্রয় দেওয়া আত্মীয় কান্নাকাটি করে পুলিশকে বলেন, ‘ওদের পরিবর্তে আমাকে পাঠিয়ে দিন।’ কিন্তু এই অনুরোধে মন গলেনি পুলিশের, উল্টো পুলিশের বেধড়ক মারধরে ওই আত্মীয়ের মুখ ফেটে রক্ত বের হয়ে যায়।
দেশ ছাড়ার চেষ্টা ব্যর্থ হলে উত্তর কোরিয়ায় ফেরত পাঠানো হয় সং মি ও তাঁর মা-বাবাকে। সেদিনের দুঃসহ স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় তাঁকে। পুলিশ তাঁর বাবাকে পিছমোড়া করে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছিল। দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় মা-বাবা দুজনকে উত্তর কোরিয়ার কুখ্যাত একটি কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। তাঁদের দুজনকে বহনকারী ট্রেনটি যখন ছুটে যাচ্ছিল, চার বছর বয়সী সং মির তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।
মা-বাবা জেলে যাওয়ার পর ছোট্ট সং মির ঠাঁই হয় দাদা-দাদির বাড়িতে। বাড়িটি মুসান গ্রামে। সেটি চীন সীমান্ত থেকে মাত্র আধা ঘণ্টা দূরে। উত্তর কোরিয়ার স্কুলে বিনা মূল্যে শিক্ষা দেওয়া হয়। তবে এ জন্য মাঝেমধ্যে শিক্ষকদের ঘুষ দিতে হয়। কিন্তু সং মির দাদা-দাদির পক্ষে এটি সম্ভব ছিল না। এ কারণে স্কুলে যাওয়ার পরিবর্তে শিশু সং মি গ্রামে ঘুরে বেড়াতে থাকে। লতাপাতা ছিঁড়ে এনে সেগুলো খরগোশকে খেতে দেয়। খাওয়া-দাওয়ার প্রতি তেমন একটা গুরুত্ব ছিল না। তাই গ্রীষ্মকালে প্রায়ই অসুস্থ পড়ত সে।
সং মি বলেন, ‘আমি ঠিকমতো খেতে পারতাম না, এ কারণে আমার রোগ প্রতিরোধক্ষমতা খুবই কম ছিল। কিন্তু একটু সুস্থ হলেই বিছানার পাশে আমার জন্য নাশতা রেখে যেতেন দাদি।’
এভাবে পাঁচ বছর কেটে যায়। হঠাৎ একদিন জেল থেকে ছাড়া পান সং মির বাবা। বাড়িতে এসে মেয়েকে জড়িয়ে ধরেন। বাবাকে পেয়ে খুশিতে মেতে ওঠে শিশু সং মি। বাবা–মেয়ে দুজনই যেন নতুন জীবন ফিরে পেলেন। কিন্তু বিধি বাম। বাড়ি ফেরার তিন দিন পরই তাঁর বাবা মারা যান।
স্বামীর মৃত্যুর খবর পেয়ে এক সপ্তাহ পরে বাড়ি ফেরেন সং মির মা মং হুই। স্বামীকে হারিয়ে তিনি পাগলপ্রায়। এই অবস্থায় তিনি কঠিন একটি সিদ্ধান্ত নেন। এবার একাই সীমান্ত পাড়ি দিয়ে উত্তর কোরিয়া ছাড়তে চান তিনি।
পালানোর সুবিধার্থে শাশুড়ির পোশাক পরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মং হুই। সং মি বলেন, ‘আমি বুঝতে পারছিলাম না, মা কী করতে যাচ্ছেন। তবে এটা বুঝতে পারছিলাম, তিনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। দীর্ঘদিন তাঁর সঙ্গে দেখা হবে না আমার।’ মং হুই বাড়ি থেকে বের হওয়ার সময় সং মি কান্নায় গড়াগড়ি করা শুরু করেন।
মা চলে যাওয়ার দুই বছরের মধ্যে সং মির দাদা মারা যান। তাঁর দাদিও প্রায় শয্যাশয়ী। পরিবারে উপার্জক্ষম কোনো ব্যক্তিও ছিলেন না। সেই সময়ের কথা বলতে গিয়ে আঁতকে উঠে সং মি বলেন, ‘একের পর এক আমার পরিবারের সদস্য হারিয়ে যাচ্ছে। আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম।’
এই অবস্থায় ১০ বছরের কিশোরী সং মির জীবনে নতুন যুদ্ধ শুরু হয়। লড়াইয়ে টিকে থাকতে প্রতিদিন আড়াই ঘণ্টা হেঁটে শাকসবজি তুলে এনে সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করতেন। কিন্তু এসব পণ্য বিক্রির আগে ধুয়েমুছে, কেটে তারপর শুকাতে হতো। এই কাজে মধ্যরাত পর্যন্ত সময় লেগে যেত।
ছোট্ট সং মি যখন টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত, তখন মা মং হুই দক্ষিণ কোরিয়ায় পৌঁছার চেষ্টা করছেন। তাঁর ওই যাত্রা ছিল অত্যন্ত দীর্ঘ। সেখানে যেতে বছরখানেক সময় লাগে তাঁর। এ জন্য প্রথমে উত্তর কোরিয়া থেকে পালিয়ে চীনে যান। এরপর যান লাওসে। সেখান থেকে থাইল্যান্ডে গিয়ে দক্ষিণ কোরিয়ার দূতাবাসে যোগাযোগ করেন।
উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা নাগরিকদের আশ্রয় দিতে দক্ষিণ কোরিয়া একটি চুক্তিতে সই করেছে। চুক্তি অনুযায়ী মং হুইকে থাইল্যান্ড থেকে সিউলে পাঠানো হয়। সেখানে গিয়ে দক্ষিণাঞ্চলের শিল্পনগরী উলসানে কাজ নেন। যেভাবেই হোক মেয়েকে উত্তর কোরিয়া থেকে এখানে নিয়ে আসতে চান। টাকা উপার্জনের জন্য হাড়ভাঙা খাটুনি শুরু করেন। কোনো বিশ্রাম ছাড়াই একটি জাহাজ নির্মাণ কারাখানায় কাজ নেন।
উত্তর কোরিয়া থেকে পালানো সহজ নয়। এই কাজে দালালের সাহায্য লাগে। তা ছাড়া প্রক্রিয়াটি বেশ দীর্ঘ ও ব্যয়বহুল। মেয়েকে পালাতে সাহায্য করতে একজন দালালকে ২০ হাজার ৪০০ ডলার দেন মং হুই। অবশেষে সফল হন তিনি। এক দশকের অপেক্ষার অবসান ঘটে। মেয়েকে কাছে পান।
মায়ের কাছে যেতে সং মির বছরখানেক সময় লেগেছে। তবে তাঁর কাছে ১০ বছর মনে হয়েছে। ইয়ালু নদী পার হয়ে চীনে পৌঁছে আত্মগোপনে যান সং মি। ধরা পড়ার ভয়ে চুপিসারে রাতে বের হয়ে ধীরে ধীরে অবস্থান পাল্টাতে থাকেন। একপর্যায়ে বাসে চড়ে লাওসে গিয়ে একটি গির্জায় আশ্রয় নেন তিনি। পরে সেখানকার দক্ষিণ কোরিয়ার দূতাবাসে গিয়ে তিন মাস থাকার পর দূতাবাস থেকে তাঁকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে মায়ের দেখা পান।
দীর্ঘ ১০ বছর পর পুনর্মিলনে বাকরুদ্ধ সং মি। তিনি বলেন, ‘আমার কাছে এটি স্বপ্নের মতো মনে হয়েছে। এত বছর পর মাকে পাওয়ায় প্রায় ১৫ মিনিট আমরা দুজন দুজনকে জড়িয়ে কান্না করেছিলাম।’ দুজনের পুনর্মিলনের পর একটি প্রশ্নই সং মির মনে ঘুরপাক খেতে থাকে, যে প্রশ্ন তিনি তাঁর মাকে করতে পারেননি। সেটি হচ্ছে, মা কেন তাঁকে ফেলে চলে গিয়েছিলেন।
মেয়ের প্রশ্নের জবাবে মিং হুই বলেন, সং মি ছোট থাকাকালে দেশ ছাড়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু পালিয়ে যেতে ব্যর্থ হওয়ার পর কারাগারে যেতে হয়। কারাগার থেকে ছাড়া পেলেও স্বামী মারা যান। এই অবস্থায় শাশুড়ির সামনে গিয়ে কীভাবে দাঁড়াবেন। স্বামী মারা যাওয়ার পর সংসারের খরচ চালানোর মতো টাকাও ছিল না। এই অবস্থায় পরিবারের বোঝা হয়ে থাকতে চাননি তিনি।
মেয়ের উদ্দেশে বলেন, ‘আমি আসার সময় তোমাকে সঙ্গে আনতে চেয়েছিলাম। কিন্তু দালাল আমাকে নিষেধ করেছে। তা ছাড়া ধরা পড়লে দুজনকেই ভুগতে হতো। এসব কারণে তোমার দাদিকে অনুরোধ করি, যেন তোমাকে অন্তত ১ বছর দেখে রাখেন।’