ইরানে মুখ খুললেই বিপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানে আইনজীবারা বিক্ষোভ করছেন। বুধবার ইরান সেন্ট্রাল বার কাউন্সিলের সামনে
ছবি : এএফপি

নারী অধিকার নিয়ে লেখালেখি করেন সাংবাদিক নিলুফার হামেদি। দীর্ঘদিনের অভিজ্ঞতা তাঁর। নানা বিষয় নিয়ে লিখেছেন। তবে গত সেপ্টেম্বরে তেহরানের একটি হাসপাতালের ঘটনা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি সেখানে কুর্দি তরুণী মাসা আমিনির বাবা-মায়ের একটি ছবি তুলেছিলেন। ওই হাসপাতালের শয্যাতেই কোমায় ছিলেন মাসা। মূলত ইরানে বিক্ষোভ সৃষ্টির মূলে যে খবর, তা সামনে আনেন নিলুফার হামেদি। কিন্তু এর জন্য মূল্য চুকাতে হয়েছে তাঁকে।

১৬ সেপ্টেম্বর নিলুফার হামেদি মাসার বাবা-মায়ের হাসপাতালের ছবিটি টুইটারে পোস্ট করেন। ওই ছবি থেকেই বিশ্ববাসী বুঝতে পারে, মাসা আমিনির সঙ্গে যা ঘটেছে তা ঠিক হয়নি। এর তিন দিন আগেই হিজাব নিয়ম না মানার অভিযোগ তাঁকে ধরে নিয়ে যায় ইরানের নীতি পুলিশ। ১৬ সেপ্টেম্বরেই মারা যান ২২ বছর বয়সী মাসা। তাঁর মৃত্যু ইরান ও বহির্বিশ্বে ক্ষোভের সৃষ্টি করে। ইরানে শুরু হয় বিক্ষোভ। তা ক্রমেই বিভিন্ন শহরে দাবানলের মতো ছড়ায়। সরকারও হাত গুটিয়ে বসে থাকেনি। শুরু করে দমন-পীড়ন। কিন্তু তাতে বিক্ষোভ দমানো যায়নি। দিন দিনই আরও তীব্র হয়েছে।

নিলুফার হামেদি
ছবি : টুইটার

নিলুফার হামেদি ইরানের সংস্কারপন্থী পত্রিকা শারক-এর জন্য কাজ করেন। তাঁর তোলা ছবিটি পত্রিকায় প্রকাশের পরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। বন্ধ করে দেওয়া হয় তাঁর টুইটার অ্যাকাউন্ট। ২২ সেপ্টেম্বর তাঁর আইনজীবী মোহাম্মদ আলী কামফিরোজি বলেন, সকালে (২২ সেপ্টেম্বর) গোয়েন্দা সদস্যরা নিলুফার হামেদির বাড়িতে তল্লাশি চালান। তাঁকে আটক করে তাঁর জিনিসপত্র বাজেয়াপ্ত করেন। এদিকে বিক্ষোভ চার সপ্তাহে গড়িয়েছে। এখন পর্যন্ত নিলুফার হামেদির বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। তাঁকে ইরানের নির্জন এভিন কারাগারে রাখা হয়েছে।

১৯৭৯ সালের ইসলামি বিদ্রোহের পর থেকে দেশটি আর কখনো এত বড় চ্যালেঞ্জর মুখে পড়েনি। বিক্ষোভ দমনে ইরান সরকার যথেষ্ট কঠোর মনোভাব দেখিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশটির বিক্ষোভে ১৯ শিশুসহ ১৮৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া শত শত মানুষ আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন হাজারো বিক্ষোভকারী।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) পক্ষ থেকে মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভের সময় গ্রেপ্তার সব সাংবাদিককে দ্রুত ও শর্ত ছাড়াই মুক্তি দিতে আহ্বান জানানো হয়েছে। এদিকে নিলুফার হামেদির বন্ধুরা তাঁকে সাহসী সাংবাদিক হিসেবে বর্ণনা করে বলেছেন, নারী অধিকার নিয়ে তিনি দৃঢ়তার সঙ্গে কাজ করেছেন।

১০০ বিক্ষোভকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন

ইরানের বিচার বিভাগ গতকাল জানিয়েছে, দেশটির দুটি প্রদেশে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১০০-এর বেশি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। বিক্ষোভ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার শত শত বিক্ষোভকারীর দ্রুত বিচারের কথা বলেছেন আদালত। অবশ্য বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘দাঙ্গা সৃষ্টি’র অভিযোগ তোলা হয়েছে। বিচার বিভাগের মিজান অনলাইন নিউজের তথ্য অনুযায়ী, তেহরানে ৬০ জন ও হরমোজগানে ৬৫ জনের বিরুদ্ধে সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

হরমোজগানের প্রধান বিচারপতি মোজতবা ঘেরেমানি বলেছেন, ‘দাঙ্গাবাজেরা’ বেআইনি সমাবেশ, অগ্নিসংযোগ এবং সরকারি ও বেসরকারি সম্পত্তিতে হামলা সংঘটনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন। কৌঁসুলিরা দ্রুত এসব মামলার তদন্ত করেছেন।

তেহরানের আইনজীবী আলী সালেহি বলেন, এখন থেকে যাঁরা মানুষের জীবন ও সম্পদ, পুলিশ ও অবকাঠামোর ওপর আক্রমণ চালাবেন বা মানুষকে দাঙ্গায় উসকানি দেবেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক প্রেসিডেন্টের মেয়ের বিরুদ্ধে অভিযোগ

ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ের বিরুদ্ধে সরকারবিরোধী প্রচারণার অভিযোগ আনা হয়েছে। গত মঙ্গলবার ফায়েজেহ হাশেমির (৫৯) বিরুদ্ধে এ অভিযোগ আনেন দেশটির বিচার বিভাগ। এর আগে গত ২৭ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। ইরানে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভে তেহরানের বাসিন্দাদের অংশ নিতে উসকানি দেওয়ার অভিযোগে ফায়েজেহ হাশেমিকে গ্রেপ্তার করা হয়। তিনি একসময় দেশটির সংসদ সদস্য ছিলেন। ইরানের বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি সাংবাদিকদের বলেন, হাশেমির বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে যোগসাজশ, জনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং দেশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে।

সংস্কারপন্থীর কারাদণ্ড

ইসলামি প্রজাতন্ত্রে কাঠামোগত পরিবর্তন আনার জন্য বারবার জনসমক্ষে আহ্বান জানিয়েছেন ইরানের নেতৃস্থানীয় সংস্কারপন্থী মোস্তফা তাজজাদেহ। তাঁর আইনজীবী বলেছেন, রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মোস্তফাকে। তাঁর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তোলা হয়েছে।

আরও বিক্ষোভের ডাক

এদিকে বিক্ষোভের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমন-পীড়নের প্রতিক্রিয়ায় গতকাল বুধবার দেশব্যাপী আরও বিক্ষোভের ডাক দেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা বার্তা দিচ্ছেন, ‘সানন্দজের কণ্ঠস্বর হও’। এ বিক্ষোভে কিশোরী থেকে তরুণী, স্কুলের শিক্ষার্থীরাও অংশ নিয়েছে। তাঁরা ‘নারী, জীবন, স্বাধীনতা’ বলে স্লোগান দিচ্ছেন। তবে সরকারের পক্ষ থেকে তাঁদের মুখ বন্ধ করার সব পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু তাতেও তাঁদের দমানো যাচ্ছে না। ইরান এ দাঙ্গার সৃষ্টির জন্য বহিরাগত শক্তিগুলোকে অভিযুক্ত করেছে। তবে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানাতে বিশ্বের বিভিন্ন শহরে সমবেত হয়েছেন প্রবাসীরা। হত্যা, নিপীড়ন-নির্যাতনের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আরও পড়ুন
আরও পড়ুন