পাকিস্তানের কোয়েটায় শাটল ট্রেনে বিস্ফোরণে নিহত অন্তত ২৪, আহত ৭০

কোয়েটায় ট্রেনে বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ক্রেন দিয়ে বগি তোলা হচ্ছে। ২৪ মে, ২০২৬ছবি: এএফপি

পাকিস্তানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কোয়েটা শহরে আজ রোববার সকালে একটি শাটল ট্রেনে আত্মঘাতী গাড়ি বোমা হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। ট্রেনটিতে নিরাপত্তা বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা ছিলেন।

স্থানীয় কর্মকর্তাদের সূত্রে রয়টার্স এসব তথ্য জানতে পেরেছে।

গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে সশস্ত্র সংগঠন বালুচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে।

প্রাদেশিক সরকার ও নিরাপত্তা বাহিনীর তিন কর্মকর্তার বরাতে জানা গেছে, বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছেন। তাঁরা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য দিয়েছেন। কারণ, তাদের গণমাধ্যমে কথা বলার অনুমতি নেই।

পাকিস্তানের রেলওয়ে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শাটল ট্রেনটি কোয়েটা শহরের ক্যান্টনমেন্ট এলাকা থেকে যাত্রী নিয়ে জাফর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য যাচ্ছিল। এ সময় প্রাদেশিক রাজধানীর একটি রেললাইনের কাছে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে ট্রেনটির ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয় এবং আরও দুটি বগি উল্টে যায়। মন্ত্রণালয় বলেছে, নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং উদ্ধার অভিযান চলছে।