মিয়ানমারে লোডশেডিংয়ের সমালোচনা করায় র‍্যাপার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে লোডশেডিং নিয়মিত ঘটনা
ফাইল ছবি: রয়টার্স

মিয়ানমারে এক জনপ্রিয় র‌্যাপশিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক বিদ্যুৎ–বিভ্রাট নিয়ে তিনি দেশটির জান্তা সরকারের সমালোচনা করেছিলেন।

গ্রেপ্তার র‌্যাপশিল্পীর নাম বিউ হার। তিনি গত মঙ্গলবার তাঁর ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি মিয়ানমারে লোডশেডিংয়ের জন্য জান্তা সরকারের সমালোচনা করেন। পরদিন বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের সমালোচনা করেন বিউ হার। তিনি বলেন, অং সান সুচির বেসামরিক সরকারের আমলে মিয়ানমারের বিদ্যুৎ–সমস্যা ভালোভাবেই মোকাবিলা করা হয়েছিল।

বিউ হারকে গ্রেপ্তারের বিষয়ে গত রোববার মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনীর ভাষ্য, দেশের শান্তি-স্থিতিশীলতা নষ্টের চেষ্টা ও প্রোপাগান্ডা (প্রচারণা) ছড়ানোর কারণে বিউ হারকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর বিউ হারকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে কিছু এখন পর্যন্ত জানা যায়নি। এ ছাড়া তাঁকে আনুষ্ঠানিক অভিযুক্ত করা হয়েছে কি না, তা–ও জানা যায়নি।

বিউ হার মিয়ানমারের বিখ্যাত সংগীতজ্ঞ নায়েঙ মিয়ানমারের ছেলে। নায়েঙের গান ‘কাবার মা কিয়ায় বু’ মিয়ানমারে সেনাশাসনবিরোধী প্রতিবাদে ব্যাপকভাবে গাওয়া হয়।

পুরোনো গ্রিড ও বিদ্যুৎ–সরবরাহের ঘাটতির কারণে মিয়ানমারে লোডশেডিং নিয়মিত ঘটনা। বিশেষ করে গ্রীষ্মকালে এই সমস্যা বাড়ে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। সেনাশাসনবিরোধী বিক্ষোভ ঠেকাতে দেশটির জান্তা সরকার এখন পর্যন্ত বিপুলসংখ্যক মানুষকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জনপ্রিয় শিল্পী এবং তারকারাও আছেন।