সাবেক প্রেসিডেন্টের মেয়েকে কারাদণ্ড দিল ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবার হাশেমি রাফসানজানির মেয়ে ফায়েজেহ হাশেমি (মাঝে)
ফাইল ছবি: রয়টার্স

ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবার হাশেমি রাফসানজানির মেয়ে ফায়েজেহ হাশেমিকে পাঁচ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছেন দেশটির একটি আদালত। আজ মঙ্গলবার তাঁর একজন আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও কোন অভিযোগে ফায়েজেহকে এই সাজা দেওয়া হয়েছে, তা বিস্তারিত জানাননি তিনি।

তবে ফায়েজেহের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে গত বছর ইরানের সরকারি কৌঁসুলি অফিস থেকে জানানো হয়েছিল, তিনি দেশটির সরকারের বিরুদ্ধে অপপ্রচার করেছেন। আর গত সেপ্টেম্বরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভ উসকে দেওয়ার কারণে ফায়েজেহকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর দেশটির নীতি পুলিশের হেফাজতে মাসা আমিনির মৃত্যু হয়। তাঁর বিরুদ্ধে হিজাব নীতি না মানার অভিযোগ আনা হয়েছিল। মাসার মৃত্যুকে কেন্দ্র করে দেশটিতে বিক্ষোভের শুরু হয়, যা দেশটির কর্তৃপক্ষকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অনেক ইরানিকে মৃত্যুদণ্ডসহ নানা সাজা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

ফায়েজেহের সাজার বিষয়ে তাঁর আইনজীবী নেদা শামস টুইটারে লিখেছেন, ‘ফায়েজেহকে গ্রেপ্তারের পর তাঁর পাঁচ বছর কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। তবে এই রায়ই শেষ নয়।’

এর আগে ফায়েজেহের বিরুদ্ধে ২০০৯ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে রাষ্ট্রবিরোধী অপপ্রচার ছড়ানোর অভিযোগ আনা হয়েছিল। ওই অভিযোগে ২০১২ সালে তিনি কারাদণ্ডের সাজা পান। এমনকি তাঁকে রাজনীতি থেকেও নিষিদ্ধ করা হয়।

ফায়েজেহের বাবা আকবার হাশেমি রাফসানজানি ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। সে সময় পশ্চিমা দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন তিনি। ২০১৭ সালে তাঁর মৃত্যু হয়।

হিজাব আইন লঙ্ঘনে কঠোর সাজা

ইরানে হিজাব আইন লঙ্ঘন করলে ‘কঠোর সাজা’ দিতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছে দেশটির বিচার বিভাগ। গতকাল ইরানের বার্তা সংস্থা মেহর এ তথ্য জানিয়েছে।

ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের আদালতগুলোকে অবশ্যই হিজাব আইন লঙ্ঘনকারীদের সাজা দিতে হবে। একই সঙ্গে তাঁদের জরিমানা ও নির্বাসন দেওয়া হতে পারে। আইন না মানলে নির্দিষ্ট কোনো পেশায় যুক্ত থাকায় নিষেধাজ্ঞা, এমনকি কর্মস্থলও বন্ধ করে দেওয়া হতে পারে।

এদিকে হিজাব না মানা নারীদের সেবা দেওয়ায় গত কয়েক সপ্তাহে ইরানের বেশ কয়েকটি ক্যাফে ও রেস্তোরাঁ বন্ধ করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।