রেস্তোরাঁয় সাধারণত খাওয়াদাওয়ার পাশাপাশি মানুষজন গল্পগুজবও করে। একটু সময় নিয়ে আয়েশ করেই খায়। আর মুঠোফোন ব্যবহার তো স্বাভাবিক ঘটনা। তবে জাপানের এক রেস্তোরাঁ যে নিয়ম চালু করেছে, তা বেশ আলোচনার জন্ম দিয়েছে।
বলা হচ্ছে জাপানের রাজধানী টোকিওর একটি রামেন (নুডলস ও ঝোল–মাংসের বিশেষ খাবার) রেস্তোরাঁর কথা। সেখানে মুঠোফোনে ভিডিও দেখা যাবে না বলে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। ফলে গ্রাহকেরা রেস্তোরাঁটিতে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না।
রেস্তোরাঁটির নাম দেবু-চ্যান। এমন বিধিনিষেধ আরোপের পেছনে দুটি যুক্তির কথা বলছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এক. খাবার খেতে এসে টেবিলে দীর্ঘ সময় ব্যয় না করা। দুই. খাবারের মান বজায় রাখা।
রেস্তোরাঁর মালিক কোতা কেই বলেন, এক দিন ব্যস্ত সময়ে তিনি লক্ষ করলেন, জায়গা না পেয়ে অনেক গ্রাহকই অপেক্ষা করছেন। অথচ খাবার দেওয়ার পরও এক ব্যক্তি মুঠোফোনে ভিডিও দেখে চলেছেন। তিনি চার মিনিট পর খাওয়া শুরু করেন।
সাধারণত যেসব গ্রাহক খাওয়ার সময় ভিডিও দেখেন, তাঁদের খাবার ঠান্ডা হয়ে যায় উল্লেখ করে কোতা কেই বলেন, এতে খাবারের মান ঠিক থাকে না।
কেইয়ের ভাষ্য, তাঁরা যে নুডলস পরিবেশন করেন, তার প্রশস্ততা মাত্র এক মিলিমিটার। ফলে এই নুডলস খুব অল্প সময়ের মধ্যে প্রসারিত হতে শুরু করে, মান নষ্ট হতে শুরু করে। তাঁর মতে, মজাদার এই খাবার নষ্ট হওয়ার জন্য চার মিনিট যথেষ্ট।
টোকিওতে যেসব বড় রামেন রেস্তোরাঁ রয়েছে, সেগুলোর মধ্যে দেবু-চ্যান অন্যতম। এতে একসঙ্গে ৩৩ জন বসে খাবার খেতে পারেন। কেই বলেন, তাঁর রেস্তোরাঁয় ব্যস্ততম সময়ে (পিক আওয়ার) একটি আসনের জন্য ১০ জনের অপেক্ষা প্রায় স্বাভাবিক ঘটনা।
অবশ্য দেবু-চ্যানই প্রথম রেস্তোরাঁ নয়, যারা স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল। এর আগে ২০১৭ মালে সিঙ্গাপুরে ম্যাকডোনাল্ডসের একটি আউটলেটে মুঠোফোন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।