নেপালে নিখোঁজ পর্যটকদের ৪০০ জনই বিদেশি, কোন কোন দেশের নাগরিক তাঁরা

‘হিমালয়কন্যা’ নেপালে গতকাল বুধবার আকস্মিক ভয়াবহ বন্যা–ভূমিধসে নিখোঁজ পর্যটকদের মধ্যে চার শতাধিকই বিদেশি নাগরিক। দেশটির পর্যটন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ বিদেশি পর্যটকদের দেশের তালিকাও প্রকাশ করা হয়েছে।

বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজদের এই তালিকা তৈরি করা হয়েছে:

ভারত: নেপালে এ দুর্যোগে ১৩০ থেকে ১৩৩ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে দেশটির সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা–ভূমিধসে আহত ব্যক্তিদের তালিকা দেখছেন স্বজনেরা। ছবিটি কাঠমান্ডুর বীর হাসপাতালের ট্রমা সেন্টারের বাইরে থেকে তোলা। ২৬ আগস্ট ২০২৬
ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়া: নিখোঁজ পর্যটকদের মধ্যে ৩৪ জন অস্ট্রেলীয় রয়েছেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, তাঁদের খোঁজে নেপাল কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করছে ক্যানবেরা।

যুক্তরাষ্ট্র: নেপালের পর্যটন বোর্ডের এক মুখপাত্রের বরাতে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, দুর্যোগের পর থেকে অন্তত ৪৭ জন মার্কিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

যুক্তরাজ্য: নিখোঁজদের তালিকায় রয়েছেন ৩৩ জন ব্রিটিশ নাগরিক। এপি নেপালের পর্যটন বোর্ডের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

কানাডা: কানাডায় অবস্থিত নেপালি দূতাবাসের একজন মুখপাত্র জানিয়েছেন, নিখোঁজ পর্যটকদের মধ্যে ২৪ জন কানাডার নাগরিক।

নেপালের নুয়াকোট জেলার ত্রিশূলীতে ভয়াবহ বন্যা–ভূমিধসের পর ধ্বংসাবশেষের মধ্য দিয়ে নিজের জিনিসপত্র নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ২৭ আগস্ট ২০২৬
ছবি: রয়টার্স

মালয়েশিয়া: মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্গত এলাকায় থাকা নিজেদের অন্তত ১১ জন নাগরিকের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে নেপালে নিযুক্ত মালয়েশীয় দূতাবাসের।

দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রাতে জানায়, দুর্গত এলাকার একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত তাঁদের ৯ নাগরিক নিখোঁজ রয়েছেন। এ ছাড়া সেখানে আরও ১০ দক্ষিণ কোরীয় আটকা পড়েছেন।

আরও পড়ুন

জাপান: জাপানের প্রধানমন্ত্রী সানায়ি তাকাইচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, নেপালে নিযুক্ত জাপানি দূতাবাস তাদের পাঁচজন নাগরিকের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছে না। নিখোঁজ জাপানিদের উদ্ধারে অনুসন্ধান চালানোর জন্য নেপাল সরকারকে অনুরোধ করা হয়েছে।