সাগরপথে নৌকায় করে ইন্দোনেশিয়ায় গেল ৬৯ রোহিঙ্গা
নৌকায় করে ইন্দোনেশিয়ার উপকূলে পৌঁছেছে ৬৯ রোহিঙ্গা। নৌকাটি বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলের আচেহ প্রদেশে পৌঁছায় বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, এই রোহিঙ্গারা বাংলাদেশ থেকে সেখানে গেছে।
নির্যাতনের মুখে অনেক বছর ধরেই মিয়ানমার থেকে রোহিঙ্গা মুসলিমরা পালিয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের মতো প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়ও পাড়ি জমায় তারা। সাম্প্রতিক মাসগুলোতে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশেই বেশ কয়েকবার রোহিঙ্গাবাহী নৌকা পৌঁছানোর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার আচেহে পৌঁছানো রোহিঙ্গারা বাংলাদেশ থেকে গেছেন দাবি করে আচেহ অঞ্চলের জেলে সম্প্রদায়ের জ্যেষ্ঠ সদস্য মিফাত কুত আদে বলেন, তারা সবাই বিধ্বস্ত অবস্থায় ছিল।
ঘটনাস্থলে গিয়ে রয়টার্সের একজন সাংবাদিক ওই রোহিঙ্গা দলের অনেককে আচেহর সৈকতে বসে থাকতে দেখেছেন। এ সময় দলের তরুণেরা নৌকা থেকে মালপত্র নামাচ্ছিলেন। অনেক নারী সদস্যের সঙ্গে ছিল তাঁদের সন্তানেরা।
এ দলের একজন ১৫ বছর বয়সী কিশোর শরিফুদ্দিন রয়টার্সকে বলেছে, তারা বাংলাদেশ থেকে এসেছে। সাগরে তাদের খাবার ও পানি ছাড়া ১৫ দিন থাকতে হয়েছে।
ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পর স্থানীয় একটি গ্রামের লোকজন খাবার ও পানি নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ান। গ্রামটির প্রধান জানান, ওই রোহিঙ্গারা ইন্দোনেশিয়ায় আসার উদ্দেশ্যেই সাগর পাড়ি দিয়েছেন। নৌকায় কোনো সমস্যার কারণে তারা সেখানে পৌঁছেছে, বিষয়টি এমন নয়।
এর আগে ২০২২ সালে ৫০০ জনের বেশি রোহিঙ্গা সাগর পাড়ি দিয়ে আচেহ প্রদেশে আশ্রয় নেয়। সর্বশেষ গত জানুয়ারির শুরুর দিকে একটি নৌকায় করে ১৮৫ রোহিঙ্গা প্রদেশটির উপকূলে কুয়ালা জিজিয়েং সৈকতে পৌঁছান।
২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর নিষ্ঠুর নির্যাতন–নিপীড়ন, জ্বালাও–পোড়াওয়ের মুখে দেশটি থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১১ লাখের বেশি। তাঁরা দেশের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।
এদিকে সাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশে পৌঁছাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে রোহিঙ্গাদের মৃত্যুর ঘটনাও কম নয়। ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, প্রায় এক দশকের মধ্যে ২০২২ সালে সাগরে সবচেয়ে বেশি রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তবে এ মৃত্যুর সংখ্যাটা যে কত তার সঠিক হিসাব পাওয়া যায়নি।