গত বছর ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। স্বাধীনতার পর সবচেয়ে নাজুক পরিস্থিতিতে পড়ে যায় দেশটি। এমন পরিস্থিতিতে রাস্তায় নামেন শ্রীলঙ্কানরা। বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে গোটা দেশ। একপর্যায়ে বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য বিক্ষোভে নামলেও ঠিক এক বছর পর শ্রীলঙ্কার পরিস্থিতি কতটুকু বদলেছে, তা বোঝা যায় সেখানকার নাগরিকদের সঙ্গে কথা বলে।
মিলটন পেরেরা একজন অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক। গত বছর গোতাবায়া রাজাপক্ষে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর কলম্বোয় নিজের বাড়িতেই ছিলেন মিলটন পেরেরা। দেশের এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান তিনি।
মূলত তীব্র অর্থনৈতিক সংকটের কারণে খাবার কিনতে না পারা, জ্বালানিসংকট, লোডশেডিং, অব্যাহত মুদ্রাস্ফীতির কারণে গোতাবায়ার পদত্যাগের দাবি ওঠে। বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন গোতাবায়া। মিলটন পেরেরা বলেন, একসময়ের জনপ্রিয় নেতার পদত্যাগের পর দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তিনি মনে করেছিলেন।
গোতাবায়ার পদত্যাগের এক বছর পরও খাবার জোগাড় করতে গিয়ে রীতিমতো লড়াই করতে হচ্ছে শ্রীলঙ্কানদের। এর মধ্য দিয়ে ৭৫ বছর বয়সী মিলটন পেরেরার ভবিষ্যদ্বাণীই সঠিক বলে প্রমাণিত হলো।
মিলটন পেরেরা বর্তমানে পুরোনো একটি সরকারি ভবনে পরিবার নিয়ে থাকেন। তাঁর বাড়ি থেকে শ্রীলঙ্কান প্রেসিডেন্টের বাসভবন বেশ কাছে। পেরেরা বলেন, ‘গত বছর আমাদের কাছে টাকা ছিল, কিন্তু প্রয়োজনীয় জিনিস ছিল না। কিন্তু এ বছর প্রয়োজনীয় জিনিস থাকলেও আমাদের কাছে টাকা নেই।’
মিলটন পেরেরা স্যাঁতসেঁতে বাড়ির ছাদ থেকে পানি চুইয়ে পড়ছে। বিষয়টি মিউনিসিপ্যাল কর্তৃপক্ষকে জানালেও সংস্কারের জন্য পর্যাপ্ত টাকা না থাকায় মেরামত করতে আসেনি তারা।
বয়সের ভারের নুয়ে পড়েছেন মিলটন পেরেরা। কথা বলার ফাঁকে রান্নাঘরের টুকটাক কাজ সেরে নিচ্ছিলেন। কিন্তু শ্বাসকষ্টের কারণে হাঁপাচ্ছিলেন তিনি।
অর্থনৈতিক সংকটে পড়ার আগে শ্রীলঙ্কার সরকারি হাসপাতাল থেকে বিনা মূল্যে রোগীদের ওষুধ সরবরাহ করা হতো। কিন্তু বর্তমানে সেটি বন্ধ রয়েছে। মাস দুয়েক আগে কল্যাণ তহবিল থেকে পাওয়া অর্থও বন্ধ হয়ে যায় পেরেরার। সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে তহবিলের অর্থ ছাড় বন্ধ করা হয়েছে। টাকা না পাওয়ায় ইনহেলার কেনাও বন্ধ হয়ে গেছে পেরেরার।
একদিকে রোজগারের সব পথ বন্ধ হয়ে গেছে, অপরদিকে বেড়েছে খরচের বোঝা। মিলটন পেরেরা বলেন, কয়েক মাস ধরে বাসার বিদ্যুৎ ও পানির বিল দ্বিগুণ হয়েছে। অত্যাবশ্যকীয় পরিষেবা দুটিতে আগে সরকার ভর্তুকি দিত; কিন্তু সম্প্রতি এই ভর্তুকি তুলে নেওয়ায় পানি ও বিদ্যুৎ ব্যবহারের খরচ বেড়ে গেছে।
স্ত্রী, দুই সন্তান ও তাঁদের স্ত্রী-সন্তানসহ মিলটন পেরেরার যৌথ পরিবার। অর্থনৈতিক সংকটের কারণে প্রতিদিন দু-এক বেলা না খেয়ে থাকতে হচ্ছে তাঁদের। গত বছর তীব্র অর্থনৈতিক সংকটের সময় সুপারমার্কেটগুলোর তাক খালি হয়ে গিয়েছিল। ইদানীং সেগুলোতে বিভিন্ন পণ্য সাজিয়ে রাখা হয়েছে। কিন্তু পেরেরার পরিবারের সেসব পণ্য কেনার সামর্থ্য নেই।
পেরেরার স্ত্রী বি এম পুষ্পলতা বলেন, মাছ, মাংস কিংবা ডিম কেনার সামর্থ্য নেই। শুধু ভাত ও ডাল খেয়ে বেঁচে আছেন তাঁরা।
গোতাবায়া ক্ষমতাচ্যুত হওয়ার পর শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন তৎকালীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। পরে তিনি পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু রাজাপক্ষে বিদায় নিলেও শ্রীলঙ্কার অর্থনীতির দুর্দশা কাটেনি। গত সেপ্টেম্বরে দেশটিতে মুদ্রাস্ফীতি বৃদ্ধির রেকর্ড হয়। ওই সময় মুদ্রাস্ফীতির হার ছিল ৭০ শতাংশ।
দেশের অর্থনীতি পুনরুদ্ধারে গত মার্চে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারে (বেইল আউট) ২৯০ কোটি ডলারের ঋণ সহায়তা পান রনিল বিক্রমাসিংহে। শর্ত ছিল, ঋণে জর্জর অর্থনীতিকে টেনে তুলবেন তিনি।
অর্থনীতি সংস্কারের অংশ হিসেবে সরকারি ব্যয় ও কল্যাণ তহবিলের খরচ কাটছাঁট করেন বিক্রমাসিংহে। এতে দেশের নাগরিকদের দুর্দশা আরও বেড়ে যায়।
কলম্বোভিত্তিক থিঙ্কট্যাংক প্রতিষ্ঠান অ্যাডভোক্যাটা ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ধনানাথ ফার্নান্দো বলেন, গত এপ্রিলে অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর নতুন করে ৪০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন।