পাতায়া থেকে নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল ফ্রিজারে
থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর পাতায়া থেকে নিখোঁজ জার্মান ব্যবসায়ীর খণ্ডিত লাশ উদ্ধার হয়েছে। গত সোমবার রাতে দক্ষিণাঞ্চলীয় শহর নং প্রুতে একটি ভাড়া বাড়িতে ময়লার ব্যাগে ও ফ্রিজারে তাঁর খণ্ডিত লাশ রাখা ছিল।
ওই ব্যবসায়ীর নাম হ্যানস-পিটার ম্যাক। বয়স ৬২ বছর। ৪ জুলাই থেকে নিখোঁজ ছিলেন তিনি।
ম্যাক জমি কেনাবেচায় মধ্যস্থতাকারীর কাজ করতেন। তিনি পাতায়াতে স্ত্রীর সঙ্গে থাকতেন। তাঁর স্ত্রী থাইল্যান্ডের নাগরিক। পুলিশ জানায়, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুই জার্মানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা ম্যাককে হত্যার ষড়যন্ত্র করেন। এরপর লাশ অন্যত্র নিয়ে লুকিয়ে রাখেন।ৎ
ম্যাক নিখোঁজ হওয়ার পর পুলিশকে তাঁর পরিবার বিষয়টি জানায়। সেখানে নিখোঁজ নোটিশে বলা হয়, সর্বশেষ ম্যাককে পাতায়াতে মার্সিডিস সেডানে দেখা গেছে। যিনি ম্যাকের সন্ধান দিতে পারবেন, তাঁর জন্য ৩০ লাখ বাথ পুরস্কার ঘোষণা করা হয়।
স্থানীয় খবরে বলা হয়, গত রোববার নং প্রুতে একটি কনডোমিনিয়ামের গাড়ি পার্কিংস্থলে ম্যাকের গাড়িটি পাওয়া যায়।
থাই টেলিভিশন চ্যানেলগুলোর ফুটেজে দেখা গেছে, মরদেহের সঙ্গে তদন্তকারীরা একটি তারবিহনী বৈদ্যুতিক করাত, এক জোড়া হেজ ক্লিপার (গাছের ঝোপ ছাঁটাইয়ে ব্যবহৃত হয়) এবং প্লাস্টিকের রোল পান। পুলিশ গাড়ির আসন, ড্যাশবোর্ড, স্টিয়ারিং হুইল এবং গাড়ির অন্যান্য অংশ পরিষ্কার করা হয়েছে, তার চিহ্নও খুঁজে পেয়েছে।
পুলিশ মেজর জেনারেল থিরাচাই চম্যানমোর দ্য ব্যাংকক পোস্টকে বলেন, প্রমাণ ধ্বংস করার অভিপ্রায় থেকে এমনটা করা হয়েছে বলে মনে হচ্ছে।
নং প্রু পুলিশপ্রধান তাউই কুদতালেং বলেন, কর্তৃপক্ষ ম্যাকের ব্যাংক হিসাব থেকে গায়েব হওয়া অর্থের একটি বড় অংশ উদ্ধার করেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ৪ জুলাই ম্যাক ও তাঁর স্ত্রীর দুপুরে একসঙ্গে খাবার খাওয়ার কথা ছিল। কিন্তু তিনি না আসায় তাঁর স্ত্রী তাঁকে বেশ কয়েকবার ফোন করেন। তখন তাঁর ফোনে ম্যাকের ফোন থেকে একটি খুদে বার্তা আসে। সেখানে লেখা ছিল, ‘আমি পরে ফোন করছি।’ রাত ১০টার দিকে আরও একটি খুদে বার্তা তাঁর স্ত্রীর ফোনে আসে। সেখানে লেখা ছিল, তিনি তখনো এক মক্কেলের সঙ্গে আছেন।
কিন্তু ম্যাকের স্ত্রী থাই মিডিয়াকে বলেন, তাঁদের পাঁচ বছরের সম্পর্কে ম্যাক কখনো তাঁকে খুদে বার্তা পাঠাননি।