থাইল্যান্ডে যুদ্ধজাহাজ ডুবে নিখোঁজ ৩১ নাবিক
থাইল্যান্ড উপসাগরে থাইল্যান্ডের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। যুদ্ধজাহাজটিতে শতাধিক ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ৩১ নাবিক নিখোঁজ। নৌবাহিনী বলেছে, ‘এইচটিএমএস সুখোথাই’ নামের ওই যুদ্ধজাহাজের পাওয়ার কন্ট্রোল ইউনিটে পানি উঠলে গতকাল রোববার রাতে সেটি ডুবে যায়।
আজ সোমবার দেশটির সরকারি কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত যুদ্ধজাহাজের ৭৫ ক্রুকে উদ্ধার করা হয়েছে। সাগর উত্তাল। এখনো ৩১ নাবিকের খোঁজ নেই। থাইল্যান্ডের নৌবাহিনীর এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘ইতিমধ্যে যুদ্ধজাহাজডুবির পর ১২ ঘণ্টা পার হয়েছে। আমরা এখনো নাবিকদের খোঁজ করছি।’
যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়ে রাতভর তা চলে। বিমানবাহিনীর সহযোগিতায় সোমবারও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে নৌবাহিনী। এদিকে যুদ্ধজাহাজডুবির কারণ অনুসন্ধানে নৌবাহিনী একটি তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে।
নৌবাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল পোগক্রং মোনথারদপালিন বিবিসিকে বলেন, ‘আমাদের বাহিনীর ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি বলা চলে। বিশেষ করে সক্রিয় আছে, এমন কোনো যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেনি।’
এদিকে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধজাহাজটির মূল অংশে পানি ঢুকে ও পাওয়ার কন্ট্রোল রুমে শর্টসার্কিট হওয়ার পরই সেটি সমুদ্রের পানিতে তলিয়ে যায়। পাওয়ার কন্ট্রোল রুমে পানি ওঠার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। এতে যুদ্ধজাহাজটির নিয়ন্ত্রণ হারান ক্রুরা। এরপর রাত সাড়ে ১১টার দিকে সেটি ডুবে যায়।