গর্ভাবস্থা-প্রসবজনিত জটিলতায় বিশ্বে প্রতি ২ মিনিটে একজন নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গর্ভাবস্থা বা প্রসবজনিত জটিলতার কারণে বিশ্বে প্রতি ২ মিনিটে একজন নারীর মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার জাতিসংঘের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

তবে প্রতিবেদনটিতে এ কথাও বলা হয়েছে যে ২০ বছরে বিশ্বে মাতৃমৃত্যুর হার এক-তৃতীয়াংশ কমেছে।

জাতিসংঘের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে বিশ্বে মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত এই হার মূলত স্থবির ছিল। কিন্তু এই সময়ে কিছু অঞ্চলে তা বাড়তে দেখা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ জাতিসংঘের অন্যান্য সংস্থার প্রতিবেদন অনুসারে, উল্লিখিত ২০ বছরের মধ্যে বিশ্বে সামগ্রিকভাবে মাতৃমৃত্যুর হার ৩৪ দশমিক ৩ শতাংশ কমেছে। ২০০০ সালে বিশ্বে প্রতি ১ লাখ শিশু জন্মের সময় ৩৩৯ জন মায়ের মৃত্যু হতো। ২০২০ সালে এই মাতৃমৃত্যু কমে ২২৩ জনে দাঁড়ায়।

তার মানে হলো, গর্ভাবস্থা বা প্রসবজনিত জটিলতায় ২০২০ সালে বিশ্বে প্রতিদিন প্রায় ৮০০ জন নারীর মৃত্যু হয়। অর্থাৎ প্রতি ২ মিনিটে প্রায় একজন নারীর মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, যদিও গর্ভাবস্থা অনেক প্রত্যাশার সময় হওয়া উচিত, সব নারীদের জন্য একটি ইতিবাচক অভিজ্ঞতার বিষয় হওয়া উচিত, কিন্তু দুঃখজনকভাবে এখনো বিশ্বজুড়ে লাখো মানুষের জন্য তা একটি মর্মান্তিক বিপজ্জনক অভিজ্ঞতা।

তেদরোস আধানোম গেব্রেয়াসুস আরও বলেন, মাতৃমৃত্যু নিয়ে জাতিসংঘের নতুন এই পরিসংখ্যান প্রত্যেক নারী-মেয়ের জরুরি সময়ে স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার অত্যাবশ্যকীয় প্রয়োজনীয়তা কথা সামনে এনেছে।

প্রতিবেদনে দেখা গেছে, ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে জাতিসংঘের আটটি অঞ্চলের মধ্যে মাত্র দুটিতে মাতৃমৃত্যুর হার কমেছে। এগুলো হলো—অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এবং মধ্য ও দক্ষিণ এশিয়া। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অঞ্চলে মাতৃমৃত্যু ৩৫ শতাংশ কমেছে। মধ্য ও দক্ষিণ এশিয়ায় কমেছে ১৬ শতাংশ।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের প্রধান নাতালিয়া কানেম বলেন, নারীদের এই মৃত্যুহার মেনে নেওয়া যায় না। এই প্রেক্ষাপটে পরিবার পরিকল্পনা খাতে জরুরিভাবে বিনিয়োগের আহ্বান জানান তিনি। পাশাপাশি ধাত্রীদের ঘাটতি পূরণের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।