থাইল্যান্ডে ডুবে যাওয়া যুদ্ধজাহাজ থেকে ৪ ক্রুর মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের কম্বলে জড়িয়ে হাসপাতালে পাঠানো হয়
ছবি থাইল্যান্ড নৌবাহিনীর টুইটার

থাইল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে থাইল্যান্ড উপসাগরে ডুবে যাওয়া যুদ্ধজাহাজ থেকে আজ মঙ্গলবার চারজন ক্রুর (নাবিক) মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন দুজন। তাঁদের সবার গায়েই লাইফ জ্যাকেট ছিল।

দেশটির নৌপ্রধান জানান, গত রোববার রাতে জাহাজটি যেখানে ডুবে যায়, সেখান থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে আজ তাঁদের মরদেহ পাওয়া যায়।

নৌবাহিনী বলেছে, ঝড়ের কবলে পড়ে ‘এইচটিএমএস সুখোথাই’ নামের ওই যুদ্ধজাহাজের পাওয়ার কন্ট্রোল ইউনিটে পানি উঠলে সেটি ডুবে যায়। যুদ্ধজাহাজটিতে ১০৫ জন ক্রু ছিলেন। এখনো নিখোঁজ ২৪ জন নাবিককে উদ্ধারে অভিযান চলছে। ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় নিখোঁজ নাবিকদের সন্ধানে দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনী দুই দিন ধরে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

ভাইস অ্যাডমিরাল পিচাই লরচুসকুল আগেই বলেছিলেন, ‘লাইফ জ্যাকেট, বয়া ও ভেসে থাকার কৌশলের কারণে আমরা তাঁদের বাঁচাতে ৪৮ ঘণ্টার মতো সময় পাব। তাই মঙ্গলবারটা খুবই গুরুত্বপূর্ণ। তাঁদের বাঁচাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’ এরই মধ্যে বেশ কয়েকজন নাবিককে ক্লান্ত ও অচেতন অবস্থায় পাওয়া গেছে।

এইচটিএমএস ক্রাবুরির ক্যাপ্টেন ক্রাপিচ কোরাউই-পাপারভিট রয়টার্সকে বলেছেন, ‘আমরা একজনকে বয়া ধরে ভাসমান অবস্থায় পেয়েছি...তিনি পানিতে ১০ ঘণ্টা ভেসে ছিলেন। তাঁর তখনো জ্ঞান ছিল। যদিও তাঁর মাথায় একটি ছোটখাটো ক্ষত ছিল। আর সমুদ্রের লবণপানির কারণে তাঁর চোখে জ্বালাপোড়া ও ব্যথা করছিল।’

অন্য নাবিকদের একটি লাইফ র‌্যাফট থেকে পাওয়া গেছে। জাহাজটি ডুবে যাওয়ার সময় তাঁরা পানিতে ঝাঁপ দিয়েছিল। নৌবাহিনীর টুইটারে শেয়ার করা ছবিতে দেখা গেছে, জীবিত নাবিকদের উদ্ধার করে কম্বলে জড়িয়ে হাসপাতালে নেওয়া হচ্ছে।
এইচটিএমএস সুখোথাই জাহাজটি ৭৬ মিটার দীর্ঘ। রোববার ছিল জাহাজটির নিয়মিত টহলের দ্বিতীয় দিন।

জাহাজটি ডুবে যাওয়ার সময় অন্য নৌজাহাজগুলোকে সতর্ক করা হয়েছিল এবং সহায়তার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু শুধু এইচটিএমএস ক্রাবুরি ফ্রিগেটটি জাহাজটি ডুবে যাওয়ার আগে পৌঁছাতে পেরেছিল।

দেশটির নৌবাহিনী জানিয়েছে, এ ধরনের ঘটনায় প্রথমবার কোনো জাহাজডুবির ঘটনা ঘটল। এটি তদন্ত করে দেখা হবে।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও নৌ আইনবিষয়ক বিশেষজ্ঞ ডেভিড লেটস বলেন, এটি সত্যি ব্যতিক্রম। তিনি বলেন, ইঞ্জিন রুমের মতো মূল ইউনিটগুলোতে পানি যাতে না ঢুকতে পারে, সেই ব্যবস্থা থাকে।

দুর্ঘটনাটি রাতে ঘটে। সেই সময় সম্ভবত অনেক নাবিক ঘুমিয়ে ছিলেন। আর আচমকা এ বৈরী পরিস্থিতির কারণে হয়তো ক্রুদের ওপরের ডেকে নিয়ে যাওয়া বা লাইফ র‍্যাফট ছেড়ে দেওয়ার মতো প্রটোকলগুলো সেই সময় পালন করা যায়নি। তবে এখনো জানা যায়নি, কেন জাহাজে পানি ঢুকেছে আর নাবিকেরাও পানিতে ঝাঁপ দিয়েছেন।

মার্কিন নাভাল ইনস্টিটিউট জানায়, যুদ্ধজাহাজটি ১৯৮৭ সালে কমিশন পেয়েছিল। এটি যুক্তরাষ্ট্রে স্থানীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান তৈরি করেছিল।