বিদ্যুৎ-বিভ্রাটে ম্যানিলার বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়
বিদ্যুৎ-বিভ্রাটের কারণে ফিলিপাইনের ম্যানিলার নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় হয়েছে। এতে দেশটির সবচেয়ে বড় আন্তর্জাতিক এই বিমানবন্দরের বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত বিদ্যুৎ-বিভ্রাটের কারণ জানা যায়নি।
এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, ম্যানিলার এই বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বিদ্যুৎ-বিভ্রাটের কারণে আজ সোমবার সেবু প্যাসিফিক এয়ারলাইনসের প্রায় ৪০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।
নিনয় অ্যাকুইনো বিমানবন্দর বিবৃতিতে আরও বলেছে, বিদ্যুৎ-বিভ্রাটের কারণে ফ্লাইট বিলম্বিত হতে পারে। তবে ফেসবুকে পোস্ট করা এই বিবৃতিতে বিদ্যুৎ-বিভ্রাটের কারণ নিয়ে কিছু বলা হয়নি।
বিমানবন্দরের অপারেটর ম্যানিলা ইলেকট্রিক কোম্পানি বলেছে, বিদ্যুৎ-বিভ্রাটের কারণ তারা খতিয়ে দেখছে। এই বিদ্যুৎ-বিভ্রাট মে দিবসের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিনের ছুটি শেষে অনেক ফিলিপিনোর বাড়ি ফেরার ভ্রমণ পরিকল্পনায় বিপত্তি ঘটিয়েছে।
সেবু প্যাসিফিকের বিবৃতিতে যাত্রীদের পুনরায় ফ্লাইট বুকিং দেওয়ার কিংবা ভবিষ্যতে ভ্রমণের জন্য টিকিটের টাকা জমা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরটির তৃতীয় টার্মিনালে ‘যত দ্রুত সম্ভব’ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পরিবহনসচিব জেইম বাউতিস্তাকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস জুনিয়র। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তারও নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে জানুয়ারিতেও একই ধরনের বিদ্যুৎ-বিভ্রাটের কারণে দেশটির প্রধান এই বিমানবন্দরে ৩০০টির মতো ফ্লাইট বিঘ্নিত হয়। এতে বিপাকে পড়েন প্রায় ৬৫ হাজার যাত্রী।