বাটার চিকেন, বিফ নেহারি—মহাকাশে আর কী খাচ্ছেন পাকিস্তানি নভোচারী
বাটার চিকেন, বিফ নেহারি, ল্যাম্ব কোরমা ও মসলাদার ছোলা এবার শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে পৌঁছে গেছে পৃথিবীর কক্ষপথে। চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে যাওয়া পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছে এসব খাবার, যাতে কক্ষপথে তাঁর জীবনের প্রথম অভিজ্ঞতায় কিছুটা হলেও ঘরের স্বাদ মেলে।
চীনের নভোচারী তাং হংবো ও উ ইর সঙ্গে শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে বুধবার তিয়ানগং স্টেশনে পৌঁছান জিশান আলী। এর মধ্য দিয়ে চীনের মহাকাশ স্টেশনে প্রবেশ করা প্রথম পাকিস্তানি, এমনকি বিদেশি নভোচারী হলেন তিনি। সেখানে আগে থেকেই অবস্থানরত তিন নভোচারী তাঁদের স্বাগত জানান। দায়িত্ব হস্তান্তরের এ সময়ে স্টেশনটিতে মোট নভোচারীর সংখ্যা দাঁড়াল ছয়জনে।
জিশান আলীর খাদ্যাভ্যাস ও চাহিদার কথা মাথায় রেখে দক্ষিণ এশীয় খাদ্যসংস্কৃতি ও হালাল মানদণ্ড অনুসরণ করে এই খাবারগুলো তৈরি করেছে চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গবেষকেরা পাকিস্তানি ধাঁচের সাত ধরনের মহাকাশ-খাবার তৈরি করেছেন। এর মধ্যে বিফ নেহারি, ল্যাম্ব কোরমা, বাটার চিকেন ও মসলাদার ছোলা রয়েছে।
পরিচিত স্বাদ বজায় রেখে নভোচারীদের পুষ্টিচাহিদা পূরণের লক্ষ্যে এসব পদ তৈরি করা হয়েছে। হলুদ ও কারির মতো মসলার প্রতি জিশান আলীর পছন্দের বিষয়টি বিবেচনায় নিয়েছেন গবেষকেরা। চূড়ান্ত করার আগে খাবারগুলো বারবার পরীক্ষা ও পরিমার্জন করা হয়েছে। চীনা সংবাদমাধ্যম সিজিটিএনের প্রতিবেদন বলছে, খাবার তৈরির পুরো প্রক্রিয়ায় হালাল নীতিমালা মেনে চলা হয়েছে।
চীনে প্রস্তুতির সময় জিশান আলীর স্বাদে যে পরিবর্তন এসেছে, তার ছাপও রয়েছে এই মেনুতে। মূল পরিকল্পনায় পাকিস্তানি মসলাদার দুধ–চা ছিল। তবে চীনের ব্ল্যাক টি ও ভাত ভালো লেগে যাওয়ায় মহাকাশযাত্রার জন্য সেগুলো বেশি করে দেওয়ার অনুরোধ করেন তিনি। পরে সেগুলোও তাঁর খাবারের তালিকায় যুক্ত করা হয়।
দুই দলের ছয় নভোচারীর সাক্ষাৎ উপলক্ষে স্টেশনে একটি বিশেষ নৈশভোজের পরিকল্পনা করা হয়। এতে চীনা ও পাকিস্তানি—উভয় দেশের নভোচারীদের পছন্দ অনুযায়ী পদ রাখা হয়েছে। তিয়ানগংয়ে নভোচারীদের একসঙ্গে খাবার খাওয়ার এমন আয়োজন আগেও দেখা গেছে; এর আগের এক অভিযানে হট-এয়ার ওভেনে বারবিকিউও তৈরি করা হয়েছিল।
পাকিস্তান বিমানবাহিনীর কর্মরত কর্মকর্তা জিশান আলী বুধবার তাং ও উর সঙ্গে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশের উদ্দেশে যাত্রা করেন। উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পর মহাকাশযানটি তিয়ানগংয়ের সঙ্গে যুক্ত হয় এবং সেদিনই পরে প্রবেশপথ (হ্যাচ) খুলে দিলে শেনঝৌ-২৪-এর নভোচারীরা তাঁদের সহকর্মীদের সঙ্গে যোগ দেন।
চীনা নভোচারীদের সঙ্গে পরিচিত হওয়ার সময় পাকিস্তানের বরেণ্য কবি আল্লামা মোহাম্মদ ইকবালের একটি কবিতার কয়েকটি লাইন আবৃত্তি করে শোনান জিশান আলী, ‘তারাদের ওপারেও আরও জগৎ রয়েছে, প্রেমের আরও পরীক্ষা সেখানেও বাকি আছে।’ পরে সহকর্মীদের জন্য চরণ দুটির অনুবাদও করে দেন তিনি।