মিয়ানমার থেকে পালিয়ে কয়েক হাজার মানুষ থাইল্যান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ড ও মিয়ানমারের সীমান্তবর্তী একটি এলাকা
রয়টার্স ফাইল ছবি

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী দল ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে কয়েক হাজার মানুষ সীমান্ত পার হয়ে থাইল্যান্ডে চলে গেছে। থাইল্যান্ডের কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারে নির্বাচিত অং সান সু চির সরকারকে সরিয়ে ক্ষমতায় আসে জান্তা সরকার। এর পর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে।

থাইল্যান্ডের কর্মকর্তারা বলছেন, দক্ষিণাঞ্চলের কারেন রাজ্যের মায়াওয়াডি শহরের কাছে সীমান্ত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। থাইল্যান্ডের টাক প্রদেশের সীমান্তবর্তী ওই অঞ্চল কায়িন নামে পরিচিত।

টাকের প্রাদেশিক কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, থাইল্যান্ডের অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে পালিয়ে গিয়ে  প্রায় ৩ হাজার ৯৯৮ জন আশ্রয় নিয়েছে। টাকের প্রাদেশিক সরকারের কর্মকর্তারা বলেছেন, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

থাইল্যান্ডের খাশোদ ইংলিশ পত্রিকা ও বিবিসি বার্মিজ বলেছে, সীমান্তরক্ষীদের ওপর সশস্ত্র কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির একটি দল হামলা চালানোর পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বেচ্ছাসেবী বলেছেন, গতকাল বৃহস্পতিবার থেকে অনেক লোক সীমান্ত পার হচ্ছে। অনেকে এখনো মিয়ানমার সীমান্ত পার হওয়ার অপেক্ষায় রয়েছে। মানুষের কাছে খাওয়ার পানি নেই। শৌচাগারের ব্যবস্থা নেই।

সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে কেএনএলএ-এর মতো জাতিগত সশস্ত্র দলগুলো সেনা অভ্যুত্থানবিরোধী দলের সঙ্গে যোগ দিয়েছে। বিরোধীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বলছে, এ পর্যন্ত ৩ হাজার ২১২ জনকে হত্যা করা হয়েছে। কারাগারে রয়েছেন ১ হাজার ৭০০ জনের বেশি।

মিয়ানমারের সেনাবাহিনী বলেছে, তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বেসামরিক লোকদের হত্যার কথা অস্বীকার করেছে তারা। বেসামরিক মানুষের মৃত্যুর জন্য অভ্যুত্থানবিরোধীদের দায়ী করেছে জান্তা সরকার।