৭৪ বছর পর ভাইকে খুঁজে পেলেন সকিনা
ভারত–পাকিস্তান ভাগ হলো। কপাল পুড়ল তাঁদের। বিচ্ছেদ হয়ে গেল ভাই–বোনের। দীর্ঘ ৭৪ বছর পর ভাইকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন পাকিস্তানি সকিনা বি। ভারত–পাকিস্তানের বিভক্তিতে পুরো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন ভাই। তখনো অবশ্য বোনের জন্মই হয়নি। পরে বাবার কাছে ভাইয়ের কথা শুনেছেন সকিনা। তখন থেকে ভাইকে খুঁজে বের করার ইচ্ছা জাগে মনে। গত রোববার সন্ধ্যায় পাকিস্তানের কর্তারপুর করিডরে ভাই–বোনের দেখা হয়।
দুই দেশের মধ্যে চার কিলোমিটার দৈর্ঘ্যের এই করিডর হয়ে ওঠে আশা, ভালোবাসা ও আত্মিক বন্ধনের এক আবেগঘন দৃশ্যের সাক্ষী।
সকিনা বি পাকিস্তানের শেখুপুরার গুরুদাস গ্রামে থাকেন। ১৯৬১ সালে গুরমেইল সিং গ্রিওয়াল তাঁর মাকে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠি সকিনার হাতে পড়ার পর থেকে তিনি ভাইকে খুঁজে বের করার চেষ্টা করেন।
ভাই–বোনের মিলন সম্ভব হয়েছে একজন পাকিস্তানি ইউটিউবারের বদৌলতে। তাঁর নাম নাসির ধিলন। ভারত–পাকিস্তান ভাগের ফলে যেসব পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের দেখা করাতে তিনি পাঞ্জাবি লেহার নামের একটি প্রজেক্ট হাতে নেন। গত বছর সকিনা ভাইকে খুঁজছেন, তাঁর এমন একটি আবেগঘন ভিডিও আপলোড করেন নাসির। ভিডিওটি লুধিয়ানার জাসোওয়াল সুদান গ্রামের জগতার সিংয়ের নজরে পড়ে। তিনি নিশ্চিত করেন, গুরমেইল সিং তাঁর গ্রামেই বাস করেন।
এ পরিবারের বিচ্ছেদের গল্পটি দেশভাগের সময়কার। লুধিয়ানার নুরপুর গ্রাম থেকে সকিনার মা কারমাতে বি অপহৃত হন। আর তাঁর পুরো পরিবার তখন পাকিস্তানে পৌঁছে গিয়েছিল।
পরে ভারত ও পাকিস্তানের সরকার নিখোঁজ পরিবারগুলোকে খুঁজে বের করে আবার এক করে দিতে সম্মত হয়। সকিনার ভাষ্য, পুলিশ তাঁর মাকে ফিরিয়ে আনার জন্য তাঁর বাবাকে ভারতে নিয়ে যায়। শুধু জানা গিয়েছিল, তাঁদের পরিবার পাকিস্তান চলে যাওয়ার পর তাঁর মা শিখ সম্প্রদায়ের এক ব্যক্তিকে বিয়ে করেছেন।
সকিনা বলেন, ‘যখন পুলিশ মাকে ফিরিয়ে আনছিল, মা বলেছিলেন তাঁর ছেলে, গুরমেইল (নাম পরিবর্তিত) খেলতে বেরিয়েছে, কিন্তু পুলিশ তাকে রেখে চলে আসে।’
পাকিস্তানে আসার দুই বছর পর সকিনার জন্ম। আর তাঁর জন্মের দুই বছর পর মারা যান তাঁদের মা। তিনি দেশভাগের সময়কার ঘটনার বিবরণ তাঁর বাবার কাছে শুনেছেন। তিনি তাঁর ভাইয়ের ছবি ও মাকে উদ্দেশ করে তাঁর (ভাই) পাঠানো চিঠিটি যত্ন করে রেখে দিয়েছিলেন। সেই চিঠি তাঁর ভাই অন্য কাউকে দিয়ে লিখিয়েছিলেন। পাঞ্জাবি লেহার সকিনার গল্পটি রেকর্ড করে অনলাইনে পোস্ট করে।
দীর্ঘ প্রতীক্ষার প্রহর যখন শেষ হলো, গুরমেইল বাক্রুদ্ধ ও আবেগে আপ্লুত হয়ে পড়েন। সকিনা ভাইকে জড়িয়ে ধরেন। আনন্দাশ্রু গড়াচ্ছে তাঁর। গুরমেইল বোনকে বলেন, এটি আনন্দ করার সময়।
ভাই–বোনের পুনর্মিলনীতে উভয় পরিবারই উপহার নিয়ে এসেছিল। গুরমেইল ভেবেচিন্তে বোনের জন্য তাঁর গ্রামে সেঁকানো বিশেষ বিস্কুট নিয়ে এসেছিলেন। সকিনাও ভাইয়ের জন্য ঘড়ি এবং ভাই–বোনের চিরন্তন বন্ধনের প্রতীক রাখি নিয়ে এসেছিলেন। তবে রাখিটি তিনি রুপা দিয়ে গড়িয়ে এনেছিলেন।
সকিনা ভাইকে দেখতে আসার সময় তাঁর পরিবারের ১৬ সদস্যকে নিয়ে এসেছিলেন। সেখানে ছিল তাঁর ছেলেমেয়েরা, ছেলের বউ ও নাতি–নাতনিরা।
সকিনা তাঁর ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পর ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার চেয়ে আমার জীবনে আনন্দের আর কী আছে! বাবার কাছ থেকে ভাইয়ের খবর জানার পর থেকে তাঁকে আমি খুঁজছি। তবে দুই ভাই–বোনের দেখা না হলেও এক বছর ধরে ফোনে কথা হচ্ছে।’
দেশভাগের সময় সকিনার বাবা পাকিস্তানে চলে যান। কিন্তু মা কারমাতে রয়ে যান ভারতে। ১৯৪৯ সালে দুই দেশের নতুন সরকার অপহৃত বা থেকে যাওয়া সদস্যদের যাঁর যাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সম্মত হয়। সেই চুক্তি অনুযায়ী সকিনার মাকে পাকিস্তানে নিয়ে আসা হয়। কিন্তু পেছনে রয়ে যায় গুরমেইল।
সকিনার বাবা পুলিশের সঙ্গে ভারতে গিয়েছিলেন কারমাতেকে আনতে। গ্রামবাসীর ভাষ্য, যখন পুলিশ কারমাতেকে নিতে আসে, তখন গুরমেইল গ্রামে অন্য বাড়িতে খেলছিল। কারমাতেকে রাস্তায় দেখতে পান তাঁর স্বামী। সেখান থেকেই তাঁকে তুলে নেয় পুলিশ। কিন্তু তিনি বারবার গুরমেইলের কথা বলছিলেন। ছেলেকে ছাড়া যাবেন না বলে জানান।
সাংবাদিক গুরুদর্শন সিং সাধু বলেন, গ্রামবাসী বাধা দিতে পারে, পুলিশের হয়তো এমন আশঙ্কায় ছিল। তাই গুরমেইলকে রেখে শুধু তার মাকে নিয়ে দ্রুত তারা চলে যায়।
পাকিস্তানের ইউটিউবার নাসিরের সঙ্গে মিলে এ ভাই–বোনের মিলন ঘটাতে তাঁরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।