বিক্ষোভে সীমা অতিক্রম করতে পারবেন না শিক্ষার্থীরা

ইরানে সাম্প্রতিক আন্দোলনে নিহতদের স্মরণে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভে শিক্ষার্থীরা। গত সোমবার দেশটির রাজধানী তেহরানের নারীদের বিশ্ববিদ্যালয় আলজাহরায়ছবি: এএফপি

ইরান সরকার বলছে, শিক্ষার্থীদের প্রতিবাদ করার অধিকার রয়েছে, তবে তাঁরা সীমা অতিক্রম করতে পারবেন না। গত শনিবার ইরানে নতুন করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি প্রথমবারের মতো সরকারের প্রতিক্রিয়া তুলে ধরেন।

ফাতেমা বলেন, ‘পবিত্র বিষয়সমূহ এবং জাতীয় পতাকা—এই সীমারেখার দুটি উদাহরণ। অত্যন্ত ক্ষুব্ধ থাকলেও আমাদের অবশ্যই এই সীমারেখা রক্ষা করতে হবে এবং তা অতিক্রম বা বিচ্যুত হওয়া যাবে না।’

সরকারের মুখপাত্র আরও বলেন, ইরানের শিক্ষার্থীদের হৃদয়ে ক্ষত রয়েছে এবং তাঁরা এমন কিছু দৃশ্য দেখেছেন, যা তাঁদের বিচলিত ও ক্রুদ্ধ করতে পারে। এই ক্ষোভ বোধগম্য।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত শনিবার ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন সেমিস্টার শুরু হয়েছে। সেমিস্টার শুরুর দিন থেকেই সরকারপন্থী ও সরকারবিরোধী সমাবেশ শুরু হয়। এসব সমাবেশে গত জানুয়ারিতে হওয়া দেশব্যাপী বিক্ষোভের স্লোগানগুলো আবারও প্রতিধ্বনিত হচ্ছে। উল্লেখ্য, জানুয়ারির ওই বিক্ষোভ একপর্যায়ে চরম আকার ধারণ করেছিল এবং হাজারো মানুষের মৃত্যু হয়েছিল।

নিষেধাজ্ঞা কবলিত দেশটিতে অর্থনৈতিক দুর্দশাকে কেন্দ্র করে গত ডিসেম্বরে প্রথম বিক্ষোভ শুরু হয়েছিল। কিন্তু গত ৮ ও ৯ জানুয়ারি তা দেশব্যাপী ব্যাপক বিক্ষোভে রূপ নেয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) ৭ হাজারের বেশি মৃত্যুর তথ্য নথিবদ্ধ করেছে। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। ইরানি কর্মকর্তারা ৩ হাজারের বেশি মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছেন। তবে তাঁদের দাবি, এই সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উসকানিতে সংঘটিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ দায়ী।

মোহাজেরানি গতকাল জানান, একটি বা তথ্যানুসন্ধানী দল বিক্ষোভের কারণ নিয়ে তদন্ত করছে এবং এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে।

হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ইরানের বিমানবাহিনীর একটি হেলিকপ্টার গতকাল মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের একটি ফলের বাজারে বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, এই ঘটনায় দুর্ভাগ্যজনকভাবে পাইলট, কো-পাইলট ও দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।