মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, মুহিউদ্দিন ইয়াসিন তাঁর সরকারের চালু করা করোনা–পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার প্রকল্পের অর্থের অপব্যবহার করেছেন। তিনি ঘুষ নিয়েছেন এবং মানি লন্ডারিং করেছেন।

আজ শুক্রবার মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর মুহিউদ্দিন ইয়াসিনকে গ্রেপ্তার করে মালয়েশিয়ান অ্যান্টিকরাপশন কমিশন (এমএসিসি)।

মুহিউদ্দিন ইয়াসিন মালয়েশিয়ার দ্বিতীয় সাবেক সরকারপ্রধান, যাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এর আগে রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবির অর্থ কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে ১২ বছরের কারাদণ্ড ভোগ করছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

আরও পড়ুন

২০২০-২১ সালে ১৭ মাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মুহিউদ্দিন ইয়াসিন। ওই সময় করোনার বিরুদ্ধে লড়তে হয়েছিল তাঁর সরকারকে। করোনা-পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে বিশেষ তহবিল গঠন করা হয়। সেই তহবিলের অর্থ নিয়ে এখন আইনি ঝামেলায় জড়িয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন।

গত নভেম্বরে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে হেরে যান মুহিউদ্দিন ইয়াসিন। এর পর থেকে মুহিউদ্দিন ইয়াসিন ও তাঁর দলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে।

৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের চারটি পৃথক অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, মুহিউদ্দিন ইয়াসিন বিভিন্ন কোম্পানির কাছ থেকে তাঁর রাজনৈতিক দলের জন্য পাঁচ কোটি ডলারের বেশি ঘুষ নিয়েছিলেন। এ জন্য নিজের ক্ষমতার অপব্যবহার করেছিলেন তিনি। পরে এসব কোম্পানিকে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রকল্পের আওতায় কাজ দেওয়া হয়।

এখন চারটি অভিযোগের একটি প্রমাণিত হলেও ২০ বছরের বেশি সময় কারাগারে কাটাতে হতে পারে মুহিউদ্দিন ইয়াসিনকে।

আরও পড়ুন

এ ছাড়া মালয়েশিয়ার বর্ষীয়ান রাজনীতিক মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের দুটি অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, তিনি তাঁর রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্টে সাড়ে ১৯ কোটি রিঙ্গিত (স্থানীয় মুদ্রা) সরিয়ে নিয়েছেন।

এসব অভিযোগ প্রমাণিত হলে মুহিউদ্দিনকে ১৫ বছরের বেশি সময় কারাভোগ করতে হতে পারে। আগামী সোমবার মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের আরেকটি অভিযোগ আনা হতে পারে। এদিকে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়ার পর মহিউদ্দিন ইয়াসিনকে ২০ লাখ রিঙ্গিত জামানতের বিনিময়ে জামিন দিয়েছেন আদালত। তবে তাঁর পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন

যদিও সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন মুহিউদ্দিন ইয়াসিন। এক বিবৃতিতে তিনি বলেন, ক্ষমতায় থাকার সময় একটি ডলারের বেআইনি ব্যবহার হয়নি। মূলত রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে এসব অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন