চীনে ভারী বৃষ্টিতে ভূমিধসে ২১ জনের মৃত্যু

ভারী বৃষ্টিতে চীনের রাজধানী বেইজিংয়ের সড়কগুলো পানিতে তলিয়ে গেছেছবি: এএফপি

চীনের পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভূমিধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। ঝড়, ভারী বৃষ্টি ও ভূমিধসে আজ বুধবার সকাল পর্যন্ত চীনের বিভিন্ন অঞ্চলে কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।

গতকাল মঙ্গলবার তানচাং কাউন্টির একটি উপত্যকায় ভূমিধসের ওই ঘটনাটি ঘটে। ভূমিধসে অন্তত ৩৩ জন চাপা পড়েছিলেন। মাটির নিচে চাপা পড়াদের বেশির ভাগই রাষ্ট্রায়ত্ত একটি বন খামারের অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করা স্থানীয় গ্রামবাসী ছিলেন।

খাড়া উপত্যকা ও জালের মতো ছড়িয়ে থাকা নদ-নদীতে ঘেরা এই পার্বত্য অঞ্চলটি, বিশেষ করে বর্ষাকালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে থাকে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া আজ জানিয়েছে, ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।

ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যার পানিতে চীনের একটি গ্রাম প্লাবিত হওয়ার পর উদ্ধারকর্মীরা একটি রাবারের ডিঙি নৌকায় করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে
ছবি: রয়টার্স

তানচাংয়ে ভূমিধসে হতাহতদের সংখ্যা যোগ হওয়ায় মধ্য ও দক্ষিণ চীনের বিভিন্ন এলাকায় আবহাওয়াজনিত দুর্যোগে মৃতের সংখ্যা আরও বেড়েছে।

টাইফুন ‘মাইসাক’–এর প্রভাবে চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলজুড়ে ব্যাপক বৃষ্টি হচ্ছে। এটি এ বছর চীনে আঘাত হানা প্রথম ঘূর্ণিঝড়। এর আঘাতে দক্ষিণের গুয়াংসি অঞ্চলে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আরও প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। এ ছাড়া এ দুর্যোগে আরও ১১ জন এখনো নিখোঁজ রয়েছেন।