বসকে হতাশার কথা জানানোর পর পেয়ে গেলেন ছুটি, বললেন, এটাই স্বাস্থ্যকর কর্মপরিবেশ
টানা কাজের চাপ কর্মীর কর্মক্ষমতায় প্রভাব ফেলে। কিন্তু স্বাস্থ্যকর কর্মপরিবেশ ইতিবাচক ফল বয়ে আনে। এটা শুধু পেশাগত সুসম্পর্কই তৈরি করে না, বরং কর্মীদের সেরা কাজ করারও উৎসাহ জোগায়।
এমনই এক ঘটনা ঘটেছে ভারতে। কাজের চাপে হতাশ ভারতীয় এক তরুণীর টুইটার পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। বসকে মন খারাপের কথা মেসেজে জানিয়ে ছুটি পাওয়ার ঘটনা টুইটারে লিখে সবার নজর কেড়েছেন স্তুতি নামের ওই তরুণী।
স্তুতি লিখেছেন, ‘দুবার কল রিসিভ না করার পর বস আমাকে খুদে বার্তা দেন ‘‘প্লিজ, কল ব্যাক’’। আমি তাঁকে জবাব দিই, আমি হতাশ, তাঁর সঙ্গে কথা বলতে চাই না। এমন বার্তা পেয়ে বস প্রত্যুত্তরে লেখেন, “তোমার হাতে থাকা সব কাজ আমাকে দিয়ে দাও। প্রয়োজনে তিন-চার দিন ছুটি নাও, তবুও মন খারাপ করে বসে থেকো না।” এটাকে আমি স্বাস্থ্যকর কাজের পরিবেশ বলব।’
স্তুতির এই ঘটনা টুইটারে শেয়ারের পর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকেই খুশি হয়েছেন, আবার বসের সঙ্গে এভাবে কথা বলায় অনেকে তাঁর সমালোচনাও করেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ব্যক্তিগত সমস্যার কারণে আমার টিমের একজন সদস্য একদিন অফিসে এসে কান্নাকাটি শুরু করেন। এই অবস্থা দেখে আমি তাঁকে কাজ বন্ধ করতে বলি। পরে তাঁর কাছে জানতে চাই, মন ভালো করতে তিনি হাওয়া বদল করতে চান কি না। উত্তরে তিনি বলেন, কাছাকাছি একটা জায়গায় যেতে চান তিনি। পরে অফিস চলাকালে তাঁকে সেখানে পাঠিয়ে দিই। ঘুরে আসার পরে তাঁকে বেশ খুশি মনে হয়, আর এরপর গোটা দিন সে মনোযোগ দিয়ে কাজ করে।’
স্তুতির এই ঘটনায় খুশি হয়ে একজন লিখেছেন, ‘এটা সত্যিই দারুণ ব্যাপার। আমাদের জীবনের এক-তৃতীয়াংশ সময়ই অফিসে কেটে যায়। এ কারণে কাজের সঠিক পরিবেশ, ইতিবাচক চিন্তা ও উৎপাদনশীলতার ক্ষেত্রে বিশাল পার্থক্য দেখা দেয়। এই ঘটনা দেখতে সত্যিই খুব ভালো লেগেছে।’
তবে স্তুতির পোস্টে সবাই যে খুশি হয়েছেন, ব্যাপারটা এমন নয়। তাঁর ওই পোস্টের নিচে একজন লিখেছেন, ‘আমি দুঃখিত যে আপনি যেভাবে বসকে জবাব দিয়েছেন, আমি তাতে একমত নই।’