টোকিওতে ট্রেনে নারীর ছুরি হামলা, আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের রাজধানী টোকিওতে একটি ট্রেনে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় তিনজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক হয়েছেন সন্দেহভাজন হামলাকারী এক নারী।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত ১১টার কিছু আগে, টোকিওর আকিহাবারা স্টেশনে। টোকিও মেট্রোপলিটন পুলিশ বিভাগের মুখপাত্র জানান, ঘটনার পর পর তাঁরা জরুরি কল পান। বলা হয়, ইয়ামানোতে লুপ লাইনে এক নারী ছুরি চালিয়ে তিনজনকে আহত করেছেন। টোকিও শহরের অন্যতম ব্যস্ত পরিবহন পথ (রুট) এটি।
পরে পুলিশ গিয়ে ওই নারীকে আটক করে। কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, আহত তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়। তবে সন্দেহভাজন হামলাকারী ও আহত ব্যক্তিদের নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।
ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি জানিয়েছে, ট্রেনে ‘সমস্যা ঘটায়’ ব্যস্ততম ওই পথে সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল।