ফিলিপাইনে ৭ দশমিক ৮ তীব্রতার ভূমিকম্প, সর্বশেষ যা জানা গেল
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে ৭ দশমিক ৮ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আজ সোমবার এই ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একাধিক ভবন।
ভূমিকম্পের তীব্রতা অনুভূত হতে থাকলে দ্বীপরাষ্ট্রটির বিভিন্ন অংশে বেজে ওঠে জরুরি সতর্কবার্তার সাইরেন। এ সময় চারদিকে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউএসজিএস আরও জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার (২১ দশমিক ৭ মাইল) গভীরে। সংস্থাটি এই ভূকম্পনকে ‘তীব্র ও উল্লেখযোগ্য’ বলে আখ্যা দিয়েছে।
ফিলিপাইনের বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জুনি কাস্টিলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০০ জনের বেশি মানুষ।
ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপান ভৌগোলিকভাবে প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা ‘অগ্নিবলয়’-এ অবস্থিত। প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা ঘিরে থাকা এই ফল্টলাইন বা ভূস্তরীয় চ্যুতিরেখার কারণে এসব এলাকায় ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।
গত বছরও ফিলিপাইনে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি আঘাত হেনেছিল। সে সময় দেশটির মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপে অন্তত ৭৪ জনের মৃত্যু হয়।
ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পনবিদ্যা ইনস্টিটিউট জানিয়েছে, আজ সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে। সারাঙ্গানি প্রদেশের জেনারেল সান্তোস শহরের নিকটবর্তী উপকূলে এটি আঘাত হানে।
জেনারেল সান্তোস শহরে প্রায় ৭ লাখ ২০ হাজার মানুষের বসবাস। সেখানকার স্থানীয় তথ্য কার্যালয় থেকে পাওয়া ছবিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। বেশ কিছু দোকানপাট ধসে পড়েছে। কংক্রিটের ছাদ ভেঙে একটার ওপর আরেকটা স্তূপ হয়ে আছে।
প্রাণ বাঁচাতে শিক্ষার্থীদের ছোটাছুটি
ফিলিপাইনের সরকারি স্কুলগুলোতে সবে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। এর মধ্যেই এই ভূমিকম্প আঘাত হানে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাভাও অক্সিডেন্টাল প্রদেশের এক ভয়ংকর চিত্র দেখা যায়। সেখানে তীব্র কাঁপুনিতে মাটি দুলছিল। আর খোলা মাঠে আতঙ্কে গুটিসুটি মেরে বসে ছিল প্রাথমিক বিদ্যালয়ের কয়েক ডজন শিক্ষার্থী।
অন্য একটি ভিডিওতে দাভাও দেল সুর এলাকার একটি হাইস্কুলের ক্যাম্পাসের ছাদ ধসে পড়তে দেখা যায়। এ সময় স্কুলের খেলার মাঠে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ছিল। তবে এই দুই ঘটনার কোনোটিতেই হতাহতের খবর পাওয়া যায়নি।
জেনারেল সান্তোস শহরের এক বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ভূমিকম্পের সময় টেবিলের নিচে আশ্রয় নেওয়ার কথা জানান। নটর ডেম অব দাদিয়াঙ্গাস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট রয়টার্সকে বলেন, ‘আমাকে বাধ্য হয়ে মাথা নিচু করে টেবিলের নিচে আশ্রয় নিতে হয়েছিল।’
দাভাও সিটিতে সকালে পতাকা উত্তোলনের অনুষ্ঠান চলছিল। এ সময় ভূমিকম্প শুরু হলে শতাধিক শিক্ষার্থী আঘাত পায়। অনেকেই আতঙ্কে অজ্ঞান হয়ে পড়ে। আঞ্চলিক জরুরি বিভাগের কর্মকর্তা এদনার দায়াংহুরং বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দ্রুত উদ্ধারকাজ শুরুর নির্দেশ দিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে অবিলম্বে ব্যবস্থা নিতে বলেছেন।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট মার্কোস বলেন, ‘ক্ষতিগ্রস্ত প্রদেশের আমার দেশবাসীদের বলছি, দয়া করে সুনামির সতর্কবার্তায় কান দিন। এক্ষুনি উঁচু জায়গায় চলে যান। একদম অপেক্ষা করবেন না। ফেলে যাওয়া যেকোনো সহায়-সম্বলের চেয়ে আপনাদের জীবনের মূল্য অনেক বেশি।’
ফিলিপাইনের সারাঙ্গানি প্রদেশের আলাবেল শহরের পুলিশপ্রধান বেনজি আনচেতা রয়টার্সকে জানান, তাঁদেরও পতাকা উত্তোলনের অনুষ্ঠান চলছিল। ভূমিকম্পের পরপরই পুলিশ ভবনে বেশ কিছু ফাটল দেখা দেয়।
আনচেতা আরও বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে শক্তিশালী এই ভূকম্পনে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন। টেলিফোনে তিনি রয়টার্সকে বলেন, ‘আমাদের অভিজ্ঞতায় এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।’
এই ভূমিকম্পের পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, হাওয়াই দ্বীপে সুনামির কোনো শঙ্কা নেই।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের প্রায় পাঁচ ঘণ্টা পর সুনামির মূল শঙ্কা অনেকটাই কেটে গেছে। তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ওঠানামা করতে পারে। তাই তারা জনসাধারণকে সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।