ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২

ইন্দোনেশিয়ার ইস্ট নুসা তেনগারা প্রদেশের সিকা এলাকায় ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবন। ১৫ আগস্ট ২০২৬ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আজ শনিবার ভোরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির জরুরি সেবা বিভাগের একজন কর্মকর্তা এখন পর্যন্ত দুজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র বার্টন সুয়ার পেলিতা পাঞ্জাইতান বলেন, এ মুহূর্তে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁদের একজন পুরুষ ও একজন নারী।

ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবন থেকে একজনকে উদ্ধার করা হচ্ছে
ছবি: রয়টার্স

আরও তথ্য নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে হতাহতের চূড়ান্ত সংখ্যা এবং ভূমিকম্পে ভবনগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানাবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। 

ভূমিকম্প আঘাত হানার পর ফ্লোরেস দ্বীপের বেশ কয়েকটি এলাকায় তিন ফুট উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানে। উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। বহু মানুষ আতঙ্কে উঁচু এলাকায় সরে যায়। তবে পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা।