নারী নিপীড়নের অভিযোগ নিয়ে দুই তালেবান নেতার রায় কবে জানা যায়নি

২০০২ সালে দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের যাত্রা শুরু হয়ছবি: এএফপি ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) শীর্ষ কৌঁসুলি করিম খান মনে করেন, আফগানিস্তানে নারীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে বলে বিশ্বাস করার মতো যুক্তিসংগত কারণ আছে। তিনি আফগানিস্তানে তালেবানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাসহ দুই তালেবান নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারির জন্য আবেদন করেছেন। নারীদের নিপীড়নের অভিযোগে এই পরোয়ানা জারির অনুরোধ জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানের কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, আখুন্দজাদা এবং আবদুল হাকিম হাক্কানি (যিনি ২০২১ সাল থেকে প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন) আফগান নারীদের ওপর নিপীড়নের ঘটনার জন্য দায়ী। আফগান নারীদের সহযোগী হিসেবে বিবেচিত ব্যক্তিদের ওপর নিপীড়নের ঘটনায়ও তাঁরা দায়ী।

করিম খানের আবেদনের বিষয়ে আইসিসির তিন বিচারপতির একটি প্যানেল এখন রায় দেবে বলে আশা করা হচ্ছে। তবে এই রায় ঘোষণার কোনো নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি। সাধারণত এই জাতীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে গড়ে তিন মাস সময় লাগে।

করিম খানের বিবৃতির বিষয়ে তালেবান নেতাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালেবান। তখন থেকে তারা দেশটির নারীদের স্কুলে যাওয়া, চাকরি করা এবং দৈনন্দিন জীবনের সাধারণ স্বাধীনতার ওপর সীমাবদ্ধতা আরোপসহ নারীদের বিভিন্ন অধিকার ক্ষুণ্ন করছে।

এই প্রথম আইসিসির কৌঁসুলিরা আফগানিস্তানে সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত করতে গিয়ে প্রকাশ্যে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন। এই তদন্ত ২০০৭ সাল থেকে শুরু হয়েছে। আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর কথিত অপরাধও এই তদন্তের অন্তর্ভুক্ত ছিল।
যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং আগ্রাসনের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য ২০০২ সালে দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের যাত্রা শুরু হয়।

করিম খান এমন সময়ে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করলেন যখন কি না আদালত নিজেই সংকটের মধ্যে আছে।

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আইসিসির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ২০২৩ সালে জারি করা পরোয়ানার জন্য মস্কোও আইসিসির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে। তারা করিম খানের বিরুদ্ধে নিজস্ব একটি পরোয়ানা জারি করেছে।

করিম খান নিজেও তদন্তাধীন। কর্মক্ষেত্রে যৌন অসদাচরণের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই। গ্রেপ্তারের জন্য তারা ১২৫ সদস্য দেশের ওপর নির্ভর করে থাকে।

ইউরোপের কয়েকটি সদস্য দেশ নেতানিয়াহুকে আটক করার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে। এদিকে ইতালি সম্প্রতি আইসিসির সন্দেহভাজনের তালিকায় থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, তবে তারা তাঁকে আদালতের কাছে হস্তান্তর করতে পারেনি।