বড় জয়ের পর খাদ্যপণ্যে কর কমানোর প্রতিশ্রুতি তাকাইচির

জাপানে সাধারণ নির্বাচনে জয়ের পর আজ সোমবার রাজধানী টোকিওতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিছবি: ফাইল ছবি

জাপানে আগাম সাধারণ নির্বাচনে বিশাল জয় পেয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। পার্লামেন্টের তিন ভাগের দুই ভাগ আসন পেতে যাচ্ছে দলটি। জয়ের পর খাদ্যপণ্যের ওপর ভোক্তা কর কমানোর প্রতিশ্রুতি আবারও তুলে ধরেছেন তাকাইচি। এখন তাঁর সামনে রয়েছে কর কমানোসহ নানা আথিক প্রতিশ্রুতি পূরণের চ্যালেঞ্জ।

গতকাল রোববার আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষমতায় বসার মাত্র চার মাসের মাথায় এ নির্বাচনের ডাক দিয়েছিলেন তাকাইচি। অনানুষ্ঠানিক ফল অনুযায়ী, পার্লামেন্টের ৪৬৫ আসনের মধ্যে ৩১৬টি আসনে জয় নিশ্চিত করেছে এলডিপি। এর পেছনে কাজ করেছে দলটির জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি। এর অংশ হিসেবে খাদ্যপণ্যের ওপর ৮ শতাংশ কর দুই বছরের জন্য স্থগিতের কথা বলা হয়।

এই পদক্ষেপকে ‘দীর্ঘদিনের স্বপ্ন’ বলে উল্লেখ করেছিলেন তাকাইচি। জয়ের পর আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলে, দায়িত্বশীল, সক্রিয় রাজস্বনীতি নীতিগত পরিবর্তনের কেন্দ্রে রয়েছে। যত দ্রুত সম্ভব কর স্থগিতের ঘোষণাও দেন তিনি। তাকাইচি বলেন, অতিরিক্ত কঠোর রাজস্বনীতি ও বিনিয়োগের ঘাটতি থেকে জাপানকে বের করে আনতেই হবে।

তাকাইচির রাজস্বনীতি বাস্তবায়নে সম্ভাব্য আস্থা ভোটকে সামনে রেখে জাপানের শেয়ারবাজার গতকাল ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। যদিও কিছু বিশ্লেষক মনে করেন, তাকাইচির শক্তিশালী জনসমর্থন তাঁকে পরিকল্পনা থেকে সরে আসার সুযোগ করে দিতে পারে। বিশেষ করে আরও বড় করছাড় দাবি করা বিরোধী দলগুলো নির্বাচনে বড় পরাজয়ের মুখে পড়ায় এ সুযোগ বেড়েছে।

আজ তাকাইচি বলেন, সামাজিক কল্যাণ ও করব্যবস্থা নিয়ে বিভিন্ন দলের মধ্যে আলোচনা কর স্থগিতের সময় এবং অর্থায়নের উপায় নির্ধারণে সহায়তা করবে। সরকার বিদ্যমান ভর্তুকি কমানোর মতো বিকল্পও বিবেচনা করছে। তিনি আরও বলেন, প্রবৃদ্ধিমুখী খাতে করপোরেট বিনিয়োগের দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে সরকার বাজেট পরিকল্পনার পদ্ধতিও পুনর্গঠন করবে।