মসজিদে বিস্ফোরণে তালেবানপন্থী শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সড়কে তালেবান নিরাপত্তা বাহিনীর টহল
ফাইল ছবি: রয়টার্স

আফগানিস্তানের হেরাতে দেশটির অন্যতম একটি বড় মসজিদে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। আজ শুক্রবার এ বিস্ফোরণের ঘটনায় ওই মসজিদের ইমাম ও তালেবান-সমর্থক শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে হতাহত হয়েছেন। খবর এএফপির।

টোলো নিউজের বরাত দিয়ে এএফপি জানায়, জুমার নামাজ শুরুর কিছুক্ষণ আগে গাজারগাহ মসজিদে বিস্ফোরণে ইমাম মুজিব-উর রহমান আনসারি নিহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একাধিক ছবিতে মসজিদে রক্তাক্ত দেহগুলো ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

তালেবানপন্থী ধর্মীয় নেতা আনসারি তাঁর জ্বালাময়ী ভাষণের জন্য পরিচিত। জুলাইতে কাবুলে ধর্মীয় নেতাদের সমাবেশে তিনি বলেছিলেন, ‘কেউ যদি আমাদের ইসলামি সরকারের বিরুদ্ধে সামান্যতম কিছু করে, তাঁর শিরশ্ছেদ করা হবে।’

গত ১৭ আগস্ট রাজধানী কাবুলে একটি মসজিদে বোমা হামলায় ২০ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে ওই মসজিদের ইমাম মোল্লা আমির মোহাম্মদ কাবুলিও ছিলেন।

আরও পড়ুন

এর এক সপ্তাহ আগে কাবুলের একটি মাদ্রাসায় চালানো আত্মঘাতী বোমা হামলায় তালেবানের প্রভাবশালী ধর্মীয় নেতা শেখ রহিমুল্লাহ হাক্কানি নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

আরও পড়ুন