বাদাখশানে বিস্ফোরণে মেয়র নিহত, দুই সপ্তাহে দ্বিতীয় তালেবান কর্মকর্তা খুন
আফগানিস্তানের উত্তর–পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের মেয়র হাবিব উর রহমান মনসুর বিস্ফোরণে নিহত হয়েছেন। গত দুই সপ্তাহে এ অঞ্চলে হামলার লক্ষ্যবস্তু হয়ে নিহত হওয়া তালেবান প্রশাসনের দ্বিতীয় উচ্চপদস্থ কর্মকর্তা তিনি।
প্রাদেশিক রাজধানী ফয়জাবাদে গতকাল বৃহস্পতিবার রাতে গাড়িতে থাকা অবস্থায় বিস্ফোরণে নিহত হন হাবিব উর রহমান মনসুর। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তবে হামলার ধরন বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি।
আজ শুক্রবার নাম প্রকাশ না করার শর্তে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তাও হাবিব উর রহমানের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেছেন, প্রকাশ্যে এ বিষয়ে কথা বলার অনুমতি না থাকায় তিনি পরিচয় প্রকাশ করতে চান না।
তালেবান ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পঞ্চম বার্ষিকী পালনের প্রস্তুতি নিচ্ছে। ওই দিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়। এরপর দ্রুত দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান।
হাবিব উর রহমান নিহত হওয়ার দুই সপ্তাহ আগে বাদাখশানের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক জাবিহুল্লাহ আমিরিকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় এক এলাকা থেকে ফয়জাবাদে যাওয়ার পথে বন্দুকধারীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আমিরির নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে হামলাকারীদের লক্ষ্য করে গুলি চালান। এতে একজন নিহত হন ও অন্যজনকে আটক করা হয়।
তবে দুটি হামলার কোনোটিরই উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
২০২৪ সালের ডিসেম্বরে কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন আফগানিস্তানের শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল হাক্কানি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির চাচা ছিলেন। সিরাজউদ্দিন হাক্কানি তালেবানের ভেতরে একটি শক্তিশালী নেটওয়ার্কের নেতৃত্ব দেন।
এর আগে ২০২৩ সালের জুনে বাদাখশানের ডেপুটি গভর্নর নিসার আহমদ আহমাদি গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন। একই হামলায় তাঁর গাড়িচালকও নিহত হন। সে সময় ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স (আইএস–কে) ওই হামলার দায় স্বীকার করেছিল।
ডেপুটি গভর্নরের মৃত্যুর কয়েক দিন পর তাঁর স্মরণসভায়ও আত্মঘাতী বোমা হামলা হয়। ওই হামলায় অন্তত ১৩ জন নিহত হন। আইএস–কে এই হামলারও দায় স্বীকার করেছিল।
২০২৩ সালের মার্চে উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের গভর্নরও তাঁর কার্যালয়ে বোমা হামলায় নিহত হন।