ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, নিহত ৩১
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি জাহাজে আগুন লেগে ৩১ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় গভর্নর এ তথ্য জানিয়েছেন।
বাসিলান গভর্নর জিম সালিমান এএফপিকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ১৩ জনের মৃত্যুর তথ্য পেয়েছিলাম। এরপর ১৮ জনের কথা জানলাম। আর এখন তা ৩১ জনে দাঁড়িয়েছে।’
দ্য লেডি ম্যারি জয় থ্রি নামের ওই জাহাজটি মিন্দানাও দ্বীপের জাম্বোয়ানগা শহর থেকে সুলু প্রদেশের জোলো দ্বীপের দিকে যাচ্ছিল। গতকাল বুধবার রাতে বাসিলান প্রদেশের বালুক দ্বীপের কাছে জাহাজটিতে আগুন ধরে যায়।
ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কর্মকর্তা নিক্সন আলোনজো বলেন, গতকাল রাতে জাহাজটিতে আগুন ধরে গেলে যাত্রীরা পানিতে লাফ দেন।
উদ্ধারকারীদের পাশাপাশি ফিলিপাইন কোস্টগার্ড ও জেলেরাও উদ্ধার অভিযানে অংশ নেন। ১৯৫ যাত্রী ও ৩৫ ক্রুকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তাঁরা।
এ ঘটনায় ১৪ জন আহত হয়েছে এবং আরও ৭ জন নিখোঁজ আছে। তবে বাসিলানের গভর্নর জিম সালিমান বলেছেন, আরও অনেক মানুষ নিখোঁজ হয়ে থাকতে পারেন। কারণ, তালিকায় দেখা গেছে জাহাজটিতে ২০৫ যাত্রী উঠেছিলেন। আবার এমন যাত্রীও থাকতে পারেন যাঁরা নথিভুক্ত হননি।
সালিমান এএফপিকে আরও বলেন, ১২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁদের মধ্যে তিনজন শিশু। এর মধ্যে ছয় মাস বয়সী এক শিশুও আছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সালিমানের ভাষ্যমতে, এ ঘটনায় যাঁরা প্রাণে বেঁচে গেছেন, তাঁদের জাম্বোয়ানগা ও বাসিলানে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
কোস্টগার্ড প্রকাশিত ছবিতে দেখা গেছে, তাদের একটি জাহাজ থেকে জ্বলন্ত ওই জাহাজে পানি ঢালা হচ্ছে। আর কোস্টগার্ডের কর্মীরা ছোট ছোট নৌকায় করে যাত্রীদের উদ্ধার করছেন।