ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, নিখোঁজ ৪১

‘কেএমপি মুতিয়ারা সান্তোসা ১’ নামের ফেরিটির পেছন দিকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছেছবি: বিবিসির প্রতিবেদনের স্ক্রিনশট

ইন্দোনেশিয়ায় সাগরে একটি ফেরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন।

আজ রোববার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ কথা জানিয়েছে। ফেরিটিতে ২৭১ জন আরোহী ছিলেন।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসার্নাস জানিয়েছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের দিকে যাচ্ছিল ফেরিটি। মাদুরা দ্বীপের কাছাকাছি পৌঁছালে এতে আগুন লাগে বলে খবর দেন ফেরির ক্যাপ্টেন।

ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজে প্রচারিত ভিডিও চিত্রে দেখা যায়, লাইফ জ্যাকেট পরা অনেক মানুষ একটি লাইফবোটে ভেসে রয়েছেন।

অন্য কয়েকটি ভিডিওতে দেখা যায়, ফেরির উপরিভাগ থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হচ্ছে আর জীবন বাঁচাতে সেখান থেকে নেমে আসার চেষ্টা করছেন যাত্রীরা।