অং সান সু চি পুনর্নির্বাচিত
অং সান সু চি তাঁর নিজের আসনে জয় পেয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ইয়াঙ্গুনের কাছে সু চি নিজের নির্বাচনী আসন কাউমুতে ৫৪ হাজার ৬৭৬টি ভোট পেয়ে জয় পেয়েছেন। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কত ভোটের ব্যবধানে তাঁর এই জয়, তা স্পষ্ট নয়। খবর এএফপির।
সেনাবাহিনী-সমর্থিত ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) শীর্ষস্থানীয় সদস্যরা নির্বাচনে খারাপ ফল করেছেন। দলের প্রভাবশালী দুই নেতা পার্লামেন্টের স্পিকার শয়ে ম্যা ও দলের চেয়ারম্যান থে উ তাঁদের নিজ নিজ আসনে পরাজিত হয়েছেন। ১৫ বছর গৃহবন্দী থাকা সু চি মুক্তি পাওয়ার দুই বছর পর ২০১২ সালের উপনির্বাচনে নিজের ওই নির্বাচনী আসনে জয় পেয়ে পার্লামেন্টের সদস্য হন।
সু চি দাতাদের কাছ থেকে উন্নয়ন সাহায্য হিসেবে পাওয়া ৪০ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ নিজের মায়ের সম্মানে বানানো দাতব্য সংস্থা ড খিন চি ফাউন্ডেশনের মাধ্যমে কাউমুতে ব্যয় করেন। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন কাউমুর বাসিন্দারা। সেখানকার প্রত্যন্ত অঞ্চলে পাকা রাস্তা, স্কুল ও ক্লিনিক নির্মাণে সু চির অবদান রয়েছে।
প্রসঙ্গত, এনএলডি বিজয়ী হলেও প্রেসিডেন্ট হতে পারবেন না সু চি। সংবিধানের একটি ধারায় বলা হয়েছে, যাঁর স্বামী বা স্ত্রী এবং সন্তানেরা বিদেশি, তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারবেন না। সু চির প্রয়াত স্বামী এবং দুই সন্তান ব্রিটিশ নাগরিক। অভিযোগ রয়েছে, সু চির প্রেসিডেন্ট হওয়া ঠেকাতেই জান্তা সমর্থনপুষ্ট সরকার সংবিধানে এই ধারা যুক্ত করেছে।