অচলাবস্থা নিরসনে নানামুখী তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতার-সংকট নিয়ে অচলাবস্থা নিরসনের চেষ্টায় মিত্র দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত রোববার উপসাগরীয় অঞ্চলে গেছেন। কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাজ্য গতকাল সোমবার সংশ্লিষ্ট আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আলোচনার জন্য কাতার যে প্রস্তাব দিয়েছে, তা সমর্থন করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন রোববার বলেন, তিনি সন্ত্রাসবাদ মোকাবিলায় কাতারের অঙ্গীকারকে স্বাগত জানান। যুক্তরাজ্য আশা করে, চার আরব দেশ অবরোধ প্রত্যাহারের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেবে। এতে দুই পক্ষের মধ্যে অবশিষ্ট মতভেদ দূর করার আলোচনা শুরুর পথ সুগম হবে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি তাঁর দেশের ওপর প্রতিবেশী চার দেশের অবরোধের সমালোচনা করে বলেছেন, দোহাকে একঘরে করার উদ্যোগ নিয়ে চারটি আরব দেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। কাতার এই সংকট নিরসনের জন্য আলোচনায় প্রস্তুত, তবে অবশ্যই নিজেদের সার্বভৌমত্বের মর্যাদা অক্ষুণ্ন রেখে।

তুর্কি প্রেসিডেন্ট দুই দিনের সফরের শুরুতে রোববার সৌদি আরবে পৌঁছান। সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠকের পর এরদোয়ান বলেছেন, কাতারকে নিয়ে চলমান কূটনৈতিক সংকট মোকাবিলায় সৌদি আরবকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে।

এরদোয়ান গতকাল কুয়েতে গিয়ে দেশটির আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহর সঙ্গে বৈঠক করেন। কুয়েতি এই নেতা কাতার-সংকট নিরসনের লক্ষ্যে মধ্যস্থতা করছেন। সেখান থেকে এরদোয়ান গতকালই কাতারের রাজধানী দোহায় পৌঁছালে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও মিসর গত ৫ জুন কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। তাদের অভিযোগ, সন্ত্রাসবাদী একাধিক সংগঠনের কার্যক্রমে দোহা মদদ দিচ্ছে। তবে কাতার এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। প্রতিবেশী আরব দেশগুলো কাতারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে ১৩টি শর্ত পূরণের সময়সীমা বেঁধে দিলে কাতার সেগুলোও প্রত্যাখ্যান করে। ওই চার দেশ চায়, কাতার তাদের ভূখণ্ডে একটি তুর্কি সামরিক ঘাঁটি, আঞ্চলিক শত্রু ইরানের সঙ্গে সম্পর্ক এবং আল-জাজিরা টেলিভিশনের কার্যক্রমের ইতি টানুক।

কাতার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গত সপ্তাহে সন্ত্রাসবাদ মোকাবিলায় কাতারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ‘সন্তুষ্ট’ উল্লেখ করেন এবং উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে সদিচ্ছার প্রমাণ দিয়ে কাতারের ওপর থেকে স্থল অবরোধ তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেন।

সৌদি বাদশাহর সঙ্গে বৈঠকে এরদোয়ান সন্ত্রাসবাদ মোকাবিলা এবং এর অর্থায়নের উৎস নিয়ে আলোচনা করেন। ইস্তাম্বুল থেকে রিয়াদের উদ্দেশে রওনা হওয়ার আগে তুর্কি প্রেসিডেন্ট বলেন, কাতার-সংকট জিইয়ে রেখে কারও লাভ নেই। ‘শত্রুরা’ উপসাগরীয় অঞ্চলে ‘ভাইদের মধ্যে উত্তেজনায় উসকানি’ দেওয়ার চেষ্টা করছে।

বর্তমান পরিস্থিতিতে কাতারের আচরণের প্রশংসা করে এরদোয়ান আলোচনার মাধ্যমেই দোহাকে সমাধান খোঁজার চেষ্টা করার পরামর্শ দেন। এই সংকটে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছে।

টেলিভিশন ও ওয়েবসাইট চালু

কাতারের সঙ্গে সম্পর্কিত কয়েকটি টেলিভিশন চ্যানেল ও ওয়েবসাইট গতকাল সকালে সৌদি আরবে সাময়িকভাবে চালু হয়েছিল। তবে ‘কারিগরি ত্রুটির’ কারণে এমন হয়েছে বলে একজন সৌদি কর্মকর্তা জানিয়েছেন। অবরোধের অংশ হিসেবে সৌদি কর্তৃপক্ষ কাতারসংশ্লিষ্ট প্রচারমাধ্যমগুলো বন্ধ করে রেখেছিল। গতকাল সকালে সৌদি দর্শকেরা বিইন নামের খেলাধুলার চ্যানেলগুলো দেখতে পেলেও আল-জাজিরার সম্প্রচার সেখানে বন্ধ রয়েছে।