
অদ্ভুত এক ব্যায়াম করেন কং ইয়ান। প্রতিদিন মাথায় ৪০ কেজির একটি পাথর নিয়ে শরীরের ভারসাম্য ঠিক রেখে নিয়মিত হাঁটেন। এতে তিন বছরে তাঁর ওজন কমেছে ৩০ কেজি।
৫৪ বছর বয়সী ও ৫ ফুট ৩ ইঞ্চি লম্বা কং চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন শহরের বাসিন্দা। ওজন বাড়তে বাড়তে ১১৫ কেজিতে পৌঁছে গিয়েছিল তাঁর। তখন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি এড়াতে ওই ব্যতিক্রমী ব্যায়াম বেছে নেন। তিনি বলেন, ‘আমি শরীরের ওজন কমানোর ওষুধ খেতে চাইনি। তাই বেশি বেশি ব্যায়াম করেই শরীরের আকৃতি ঠিক করার সিদ্ধান্ত নিলাম। প্রথমে মাথায় ১৫ কেজি নিয়ে প্রতিদিন যত দূর সম্ভব হাঁটতে শুরু করি। পরে সেটাকে ৩০ কেজিতে নিই এবং প্রতিদিন হাঁটার দূরত্বও বাড়িয়ে দিই। এখন কোনো কোনো দিন তিন কিলোমিটার পর্যন্ত যাই। আর মাথায় রাখি সিমেন্টের তৈরি ৪০ কেজি ভর।’
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক সিসিটিভি নিউজের ফেসবুক পেজসহ স্থানীয় সংবাদমাধ্যমে কংয়ের এই ব্যায়ামের খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে তিনিও একটু সচেতন হয়েছেন। এখন ভাবছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাবেন।