ব্যাংককে সামরিক হাসপাতালে বিস্ফোরণে আহত ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কিং মংকুত হাসপাতালে বোমা বিস্ফোরণের পর নিরাপত্তাকর্মীরা জায়গাটি ঘিরে ফেলে। ছবি: রয়টার্স।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কিং মংকুত হাসপাতালে বোমা বিস্ফোরণের পর নিরাপত্তাকর্মীরা জায়গাটি ঘিরে ফেলে। ছবি: রয়টার্স।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি সামরিক হাসপাতালে বোমা বিস্ফোরণে ২১ জন আহত হয়েছেন। রাজনৈতিকভাবে অস্থিতিশীল এ দেশটিতে আজ সোমবার সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার তিন বছর পূর্তিতে এ হামলার ঘটনা ঘটল। এএফপির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

২০১৪ সালের ২২ মে অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর থেকে থাইল্যান্ড পুরোপুরি বিভক্ত হয়ে পড়ে। ক্ষমতা নেওয়ার পর নিরাপত্তা বাহিনীকে ব্যাপকভাবে ব্যবহার করে ভিন্নমত দমন করে সেনাবাহিনী।

হাসপাতালে এই বোমা হামলার পেছনে কারা রয়েছে—তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। থাইল্যান্ডে তাৎপর্যপূর্ণ দিনগুলোতে বোমা হামলা চালানোর দীর্ঘ ইতিহাস রয়েছে। মুসলিম অধ্যুষিত দক্ষিণের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী বা বিভক্ত রাজনৈতিক দলের জঙ্গিরা এসব হামলা চালিয়ে থাকে।

কিং মংকুত হাসপাতালের ভিআইপি সেকশনের কাছে সোমবারের ওই বিস্ফোরণটি ঘটে। তখন রোগী ও তাঁদের স্বজনেরা ব্যবস্থাপত্রের (প্রেসক্রিপশন) জন্য অপেক্ষা করছিলেন। বিস্ফোরণে কাচের দেয়াল ভেঙে যায় এবং করিডরে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

হাসপাতালের পরিচালক সরোজ কিওকাজি বলেন, বোমাটির বিস্ফোরণের তীব্রতা বেশি নয়। এ ঘটনায় ২১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা রয়েছেন। তিনি বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে একজন নারী রয়েছেন। চোয়ালে স্প্লিন্টার বিদ্ধ হওয়ায় তাঁর অস্ত্রোপচার প্রয়োজন।

ব্যাংককের প্রাণকেন্দ্রে অবস্থিত ওই হাসপাতালটিতে সাধারণত সেনাবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের চিকিৎসা দেওয়া হয়।