শ্রীলঙ্কার বিচারমন্ত্রী বিজয়দাসা রাজাপক্ষে বলেছেন, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্গের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা অর্থহীন, কারণ প্রেসিডেন্ট কয়েক দিনের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দেবেন। স্থানীয় পত্রিকা ডেইলি মিররকে শুক্রবার এ কথা বলেন তিনি।
বিচারমন্ত্রী রাজাপক্ষে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের পর ১০০ দিনের কর্মসূচি পালন করার জন্য সরকার গঠন করা হয়েছিল। সে কারণে ক্ষমতাসীন জোটের প্রধান দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) এ পার্লামেন্ট বহাল রাখার পক্ষে নয়। এ প্রেক্ষাপটে বিরোধী দলের অনাস্থা প্রস্তাবের কোনো গুরুত্ব নেই।
বিচারমন্ত্রী দাবি করেন, বিরোধীরা এ জন্য প্রয়োজনীয়সংখ্যক এমপির সমর্থনও নিশ্চিত করতে পারেনি। রাজাপক্ষে বলেন, তারা প্রস্তাবটি তুলেছে। এখন সরকারই ঠিক করবে তা নিয়ে পার্লামেন্টে বিতর্ক হবে কি না।
রনিল বিক্রমাসিঙ্গের নতুন সরকারের পার্লামেন্টে যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তারা রাজনৈতিক সংস্কারের জন্য বিরোধী দলের ওপর নির্ভরশীল। কিন্তু বর্তমানে বিরোধী দলে থাকা সাবেক সরকারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়ে তাদের মধ্যে বিরাট মতপার্থক্য দেখা দিয়েছে। অনাস্থা প্রস্তাব পার্লামেন্টে উঠলে সরকার হারবে এটা প্রায় নিশ্চিত। বিরোধী দল অনাস্থা প্রস্তাবের পক্ষে ইতিমধ্যেই ২২৫ সদস্যের মধ্যে ১১২ জনের স্বাক্ষর জোগাড় করতে পেরেছে।
গত জানুয়ারি মাসের নির্বাচনে মাহিন্দা রাজাপক্ষেকে হারিয়ে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তখন বিরোধী দলে থাকা বিক্রমাসিঙ্গেকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন।