অনাহারে ধুঁকছে মসুলবাসী
ইরাকের মসুল শহরের পশ্চিমাঞ্চলে অবরুদ্ধ অবস্থায় দিন কাটছে সাড়ে সাত লাখ মানুষের। ক্ষুধা-তৃষ্ণা আর নির্যাতন-মৃত্যু সঙ্গী করে ধুঁকছে তারা। অপেক্ষায় আছে, কবে সরকারি বাহিনী এসে আইএস যোদ্ধাদের হটিয়ে তাদের উদ্ধার করবে।
মসুলের এই বর্ণনা দিয়েছে সেখান থেকে পালিয়ে আসতে পারা লোকজন। সম্প্রতি বিদ্রোহীদের কবল থেকে পালিয়ে এ শহরের পূর্বাঞ্চলের এলাকাগুলোতে আশ্রয় নেওয়া লোকজন বলেন, ছোটখাটো ত্রুটি-বিচ্যুতির জন্যও মসুলের বাসিন্দাদের প্রচণ্ড মারধরের মতো নির্মম সাজা ভোগের ঘটনা বেড়ে চলেছে। সেই সঙ্গে চলছে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। মসুল থেকে আইএসকে পুরোপুরি হটাতে অবরুদ্ধ এলাকাগুলোর দিকে অগ্রসরমাণ ইরাকি সেনাদের প্রতিরোধে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে এ জঙ্গিগোষ্ঠীর সদস্যরা।
পালিয়ে আসা ব্যক্তিরা আরও বলেন, আইএস এ শহরে শিশুসহ বেসামরিক নাগরিকদের তাদের দলে যোগ দিতে বাধ্য করছে। আর অনাহারে মৃত্যুর মুখে থাকা পরিবারের সদস্যদের জন্য খাবারের সন্ধানে জীবনের ঝুঁকি নিয়ে টাইগ্রিস নদী পাড়ি দেওয়ার চেষ্টা করছে অনেকে।
নৌকায় চড়ে সপরিবারে পালিয়ে আসা আম্মার আহমেদ রজব (৪৭) নামে একজন বাসিন্দা বলেন, ইরাকি সেনারা যতই শহরে অগ্রসর হচ্ছে, আইএস ততই নৃশংসতা দেখাচ্ছে। তিনি বলেন, আইএস যদি সন্দেহ করে, আপনি ইরাকি সেনাদের কাছে তথ্য পাচার করছেন, তবে আপনাকে মৃত্যুদণ্ড ভোগ করতে হবে।
মসুলের বাইরে খাজের উদ্বাস্তু শিবিরে চারটি পরিবারের সদস্যরা সাক্ষাৎকারে বলেছেন, এ শহরে মৃত্যুদণ্ড ও মারধরের ঘটনা বেড়েই চলেছে। শহরের পশ্চিমাঞ্চল থেকে গত দুই সপ্তাহের মধ্যে পালিয়ে আসা এসব পরিবারের সদস্যরা আরও বলেন, বাসিন্দাদের গলা কেটে, ফাঁসিতে ঝুলিয়ে সাজা দিচ্ছে আইএস। পরে অন্যদের সতর্ক করতে মরদেহগুলো প্রকাশ্যে ফেলে রাখছে।