অনিয়মের দায়ে অভিযুক্ত ইংলাক সিনাওয়াত্রা

ধান চাষে ভর্তুকির বিতর্কিত প্রকল্পে অনিয়মের অভিযোগে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
রাষ্ট্রীয় অর্থ-সম্পদ লোকসানের ঘটনায় ইংলাক ব্যক্তিগতভাবে দায়ী বলে অভিযোগ করেছে থাইল্যান্ডের দুর্নীতিবিরোধী সংস্থা। একটি আদালতের রায়ে তিনি গত বছরের মে মাসে প্রধানমন্ত্রীর পদ হারান।
অভিযোগের শুনানিকালে গতকাল সুপ্রিম কোর্টে অনুপস্থিত ছিলেন ইংলাক। মামলাটি গৃহীত হবে কি না, সে ব্যাপারে আদালত আগামী ১৯ মার্চ সিদ্ধান্ত নেবেন। ভর্তুকি প্রকল্পটির আওতায় ইংলাকের রাজনৈতিক দল পুয়ে থাই পার্টির নেতৃত্বাধীন সরকার কৃষকদের কাছ থেকে বাজারমূল্যের চেয়ে বেশি দামে ধান কিনেছিল। এতে সরকারের বিপুল অঙ্কের অর্থ খরচ হয়। নিজ দলের সমর্থকদের মন জয় করতেই ইংলাক ওই প্রকল্প শুরু করেছিলেন বলে সমালোচকদের অভিযোগ। তবে ক্ষমতাচ্যুত ইংলাক বলেন, কৃষকদের স্বার্থ রক্ষার বাইরে আর কোনো উদ্দেশ্য তাঁর ছিল না।
ইংলাক প্রধানমন্ত্রীর পদ হারানোর পর সেনাবাহিনী তাঁর সরকারকে উৎখাত করে। সেনা-সমর্থিত পার্লামেন্ট সম্প্রতি তাঁকে ধান চাষে ভর্তুকি প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিশংসিত করে। এর ফলে রাজনীতি থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন ইংলাক।