অনুষ্ঠানে ঘুমানোয় উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড!

উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হায়ুন ইয়ং-চোলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁর অপরাধ দেশটির শীর্ষ নেতা কিম জং-উনের প্রতি ‘আনুগত্য প্রদর্শন’ না করা। দেশটির প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এ কথা জানিয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, আজ বুধবার দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট পার্লামেন্টারি কমিটিকে গোয়েন্দা সংস্থাটি এ কথা জানায়।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা সংস্থা সে দেশের এমপিদের বলেছে, গত ৩০ এপ্রিল কয়েক শ’ মানুষের সামনে পিয়ংইয়ংয়ের উত্তরাঞ্চলে এক সামরিক একাডেমিতে বিমানবিধ্বংসী গোলার আঘাতে ইয়ং-চোলকে হত্যা করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, কিম জং-উনের উপস্থিতিতে একটি আনুষ্ঠানিক সামরিক শোভাযাত্রার অনুষ্ঠানে ইয়ং-চোল ঘুমিয়ে পড়েন এবং কিম জং উনের নির্দেশনা পালন করতে ব্যর্থ হন।
উত্তর কোরিয়ার ১৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করার খবর প্রকাশিত হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী হায়ুন ইয়ং-চোলের মৃত্যুদণ্ড কার্যকরের সর্বশেষ খবরটি প্রকাশ হলো।
এর আগে ২০১৩ সালে প্রতারণার দায়ে কিম তাঁর চাচা এবং একসময়ের ক্ষমতাবান ব্যক্তিত্ব জাং সং-থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করেন।